কনটেন্ট ক্রিয়েটর ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আগামীকাল রোববার (১৭ মে) ভারত থেকে দেশে আনা হবে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্প্রতি লিভার সংক্রান্ত জটিলতায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় কায়সার হামিদ।
আগামীকাল দুপুরের দিকে তার মরদেহ বহনকারী বিমানটি ঢাকায় এসে পৌঁছাবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।মরদেহ দেশে পৌঁছানোর পর ওই দিনই বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে কারিনা কায়সারের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন করা হবে।
দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ চমৎকার কনটেন্ট তৈরির মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে সফলতার পাশাপাশি ওটিটি (OTT) এবং মূলধারার নাটকের জগতেও কারিনা ধীরে ধীরে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছিলেন। অভিনয়ের পাশাপাশি একজন প্রতিভাবান চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং ‘৩৬-২৪-৩৬’।
তার এই আকস্মিক ও অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিনোদন অঙ্গনের তার সহকর্মী, নির্মাতা ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
