সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে চলতি হজ মৌসুমে বিশ্বের ১০৪টি দেশ থেকে দুই হাজার ৫০০ জন অতিথি পবিত্র হজ পালন করবেন। প্রতি বছরের মতো এবারও রাজকীয় এই কর্মসূচির আওতায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই অতিথিরা হজ ও ওমরার পাশাপাশি ইসলামের ঐতিহাসিক নিদর্শনগুলো পরিদর্শনের সুযোগ পাবেন।এই আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের বিশিষ্ট ইসলামি স্কলার ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব।
সৌদি আরবের ইসলামী, দাওয়াহ ও নির্দেশনা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই বছর ১৩০০ জন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর বাইরে লাইবেরিয়া থেকে ২০০ জন এবং সুদানে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের ১০০০ জন সদস্যকে এই বিশেষ কর্মসূচির আওতায় হজ পালনের সুযোগ দেওয়া হয়েছে। বাদশাহর এই উদ্যোগটি মুসলিম বিশ্বের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ আবদুল লতিফ বাদশাহর এই উদার কর্মসূচির প্রশংসা করে জানান, অতিথিরা যেন সুষ্ঠুভাবে তাদের হজ, তাওয়াফ ও জিয়ারত সম্পন্ন করতে পারেন, সেজন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে যাতায়াত ও প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের পরিকল্পনা করা হয়েছে। রাজকীয় এই আমন্ত্রণ বিশ্বের নানা প্রান্তের মুসলিমদের মধ্যে আত্মিক বন্ধন তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
