বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

পারমাণবিক কর্মসূচি

শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি: বাহরাইন ও ফ্রান্সের মধ্যে সমঝোতা স্মারক সই

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২১, ২০২৬, ০৯:০০ এএম

শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি: বাহরাইন ও ফ্রান্সের মধ্যে সমঝোতা স্মারক সই

শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে গত মঙ্গলবার একটি সমঝোতা স্মারক সই করেছে বাহরাইন ও ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর মানামা সফরের শেষ পর্যায়ে এই চুক্তি চূড়ান্ত করা হয়।

এই সফরের সময় বাহরাইনের রাজা হামাদ বিন ইশা আল খলিফার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাখোঁ। বাহরাইন বার্তা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দুই নেতার উপস্থিতিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই সই সম্পন্ন হয়।

এই সমঝোতা স্মারকটির মূল লক্ষ্য হলো বাহরাইনের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির জন্য দক্ষতা ও সক্ষমতা তৈরি করা এবং বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম প্রতিষ্ঠা করা।

বৈঠকে রাজা হামাদ ও মাখোঁ বিনিয়োগ, অর্থনৈতিক উন্নয়ন, প্রতিরক্ষা, টেকসই উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এ ছাড়া দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন, যেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশেষভাবে স্থান পায়।

গত ফেব্রুয়ারিতে নিজের ফ্রান্স সফরের সময় সই হওয়া একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির কথা তুলে ধরেন রাজা হামাদ। নিরাপত্তা, জ্বালানি ও প্রযুক্তির ক্ষেত্রে বৃহত্তর সহযোগিতার পথে এটিকে একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন তিনি।

রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বাহরাইনের রাজা। একই সঙ্গে আলোচনার মাধ্যমে সব সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক শিল্পে গভীর সহযোগিতা এবং প্যারিস ও মানামার মধ্যে জ্বালানি সম্পর্ক আরও জোরদার করার পক্ষে মত দেন ফরাসি প্রেসিডেন্ট।

বাহরাইনে বৈঠক শেষ করে কাতারের উদ্দেশে রওনা দেন মাখোঁ। কাতার বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি দোহায় এসে পৌঁছান।

গত ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত নির্ধারিত ফরাসি প্রেসিডেন্টের এই আঞ্চলিক সফরে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতও অন্তর্ভুক্ত রয়েছে। অংশীদারত্ব জোরদার করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্সি।

banner
Link copied!