বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

ইয়েমেনে আর্থিক নিষেধাজ্ঞা

হুতি সংশ্লিষ্টদের সম্পদ জব্দের নির্দেশ ইয়েমেন কেন্দ্রীয় ব্যাংকের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : অক্টোবর ২১, ২০২৬, ০৯:৩০ এএম

হুতি সংশ্লিষ্টদের সম্পদ জব্দের নির্দেশ ইয়েমেন কেন্দ্রীয় ব্যাংকের

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কেন্দ্রীয় ব্যাংক দেশটির সব ব্যাংক ও মানি এক্সচেঞ্জ কোম্পানিকে হুতি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ১৩৫ ব্যক্তি, প্রতিষ্ঠান এবং নৌযানের হিসাব ও সম্পদ অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে। সরকারি বার্তা সংস্থা সাবা জানিয়েছে, কালোতালিকাভুক্ত এই পক্ষগুলোকে ইয়েমেনের সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।

আদেনভিত্তিক কেন্দ্রীয় ব্যাংক গত ১৯ অক্টোবর দেশটির অ্যাটর্নি জেনারেলের জারীকৃত একটি আদেশের ভিত্তিতে এই নতুন নির্দেশনা প্রদান করেছে। ওই আদেশে হুতি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সন্দেহভাজনদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের সম্পদ জব্দের অনুরোধ জানানো হয়েছিল।

নতুন এই নির্দেশনার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নামে নতুন কোনো ব্যাংক হিসাব খুলতে কিংবা তাদের পক্ষে কোনো ধরনের আর্থিক লেনদেন পরিচালনা করতে নিষেধ করা হয়েছে।

নির্দেশনায় ব্যাংকগুলোকে তালিকাভুক্ত নামগুলোর সঙ্গে সম্পর্কিত সমস্ত হিসাব, সম্পদ এবং অর্থ স্থানান্তর বা হুন্ডি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই সমস্ত সম্পদের পরিমাণ ও বিবরণী দেশের আর্থিক গোয়েন্দা বিভাগ এবং অর্থ পাচার রোধসংক্রান্ত কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

সাবা বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এই নিষেধাজ্ঞার তালিকায় হুতি আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন ব্যবসায়ী, একটি কোম্পানি এবং তেল পাচারের কাজে ব্যবহৃত পাঁচটি ট্যাংকারকে এই তালিকায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন কর্র্তৃপক্ষ।

তবে সরকারি সংবাদ সংস্থাটি ওই তালিকায় থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর সুনির্দিষ্ট নাম প্রকাশ করেনি। এই কঠোর নির্দেশনাগুলো মূলত ইয়েমেন সরকারের হুতিদের বিরুদ্ধে চালিত বিস্তৃত অর্থনৈতিক চাপ প্রয়োগের প্রচেষ্টারই একটি অংশ।

এর আগে গত ১১ অক্টোবর ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার একটি নতুন বিল অনুমোদন করে। এই প্রস্তাবিত আইনে হুতি আন্দোলনকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং দলটির সব ধরনের কার্যক্রম ও অর্থায়ন নিষিদ্ধ করা হয়েছে।

সরকার এই আইন কার্যকর করার জন্য প্রয়োজনীয় সব ধরনের আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুতিদের মধ্যকার চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আসে।

উল্লেখ্য যে, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা দখল করার পর থেকেই মূলত ইয়েমেন দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কবলে পড়ে।

banner
Link copied!