জর্ডান সোমবার সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। শিশু ও নারীসহ অন্তত সাতজন এতে নিহত হয়েছেন। জর্ডানের কারাক গভর্নরেটে গত সপ্তাহে একটি গির্জায় বন্দুক হামলার ঘটনার পর এই সামরিক পদক্ষেপ নেওয়া হলো। ওই গির্জা হামলায় নয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছিলেন।
,জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই অভিযানগুলোর মূল লক্ষ্য ছিল দক্ষিণ-পূর্ব সিরিয়ায় অবস্থিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো, যেগুলোর সঙ্গে গির্জায় হামলাকারীদের যোগসূত্র রয়েছে। সরকারি কর্মকর্তারা বলেছেন, হামলায় বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে এবং লক্ষ্যবস্তুতে থাকা গোষ্ঠীগুলোর ক্যাডাররা হতাহত হয়েছে। তবে সামরিক বাহিনী নির্দিষ্ট কোনো সংগঠনের নাম প্রকাশ করেনি বা হামলার সুনির্দিষ্ট স্থান জানায়নি।
,জর্ডানের পক্ষ থেকে দাবি করা হয় যে এই বিমান অভিযানগুলো সিরীয় সরকারের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে। তবে দামেস্ক এই দাবি সরাসরি নাকচ করে দিয়েছে।
,সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে যৌথ সমন্বয়ের বিষয়টি অস্বীকার করেছে। দামেস্ক জানিয়েছে, জর্ডানের একটি বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন, যার মধ্যে তিন শিশু, এক নারী ও এক পুরুষ রয়েছেন। এছাড়া অন্য দুটি হামলায় ষাট ও আশি বছর বয়সি দুই প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। দক্ষিণ সিরিয়ার দারা ও সুওয়াইদা প্রদেশে এই বোমা হামলাগুলো চালানো হয়।
,সিরিয়ার সরকার এই হামলার ঘটনায় একটি তদন্ত শুরু করেছে। সীমান্ত অঞ্চলে যৌথ মাঠপর্যায়ের নিরাপত্তা সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দামেস্কের কর্মকর্তারা।
,এই বিমান হামলার জবাবে সিরীয় সীমান্ত কর্তৃপক্ষ নাসিব সীমান্ত পারাপার বন্ধ করে দিয়েছে। জর্ডানের সঙ্গে সিরিয়ার একমাত্র এই সীমান্ত চেকপোস্টে উভয়মুখী সব ধরনের যাত্রী ও বাণিজ্যিক চলাচল স্থগিত করা হয়েছে।
,সোমবারের শুরুর দিকে জর্ডানের নিরাপত্তা বাহিনী আল-জাদিদা গ্রামে তিন সন্দেহভাজনের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গত ২৩ অক্টোবরের গির্জা হামলায় জড়িত থাকার অভিযোগে দুই ভাই ও তাদের এক ভগ্নিপতিকে তিন ঘণ্টার মুখোমুখি লড়াইয়ের পর গ্রেপ্তার করা হয়।
,জর্ডানি সরকারের একটি সূত্র জানিয়েছে, গোলাগুলির সময় ওই তিন সন্দেহভাজন গুরুতর আহত হয়েছেন। সহিংস ঘটনার পর কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। এরপরই এই অভিযান ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
,গত ২৩ অক্টোবর রাজধানী আম্মান থেকে প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে একটি গ্রিক অর্থেোডক্স গির্জার অন্ত্যেষ্টিক্রিয়ায় তিনজন বন্দুকধারী হামলা চালায়। জর্ডানের মোট এক কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় তিন লাখ খ্রিস্টান সংখ্যালঘু রয়েছে, যার একটি অংশ বাস করে কারাক অঞ্চলে।
,রাজা আব্দুল্লাহ ঘোষণা দিয়েছেন যে অপরাধীদের কঠোরতম শাস্তির মুখোমুখি করা হবে। এই ট্র্যাজেডির পর তিনি জাতীয় নিরাপত্তা পদ্ধতিগুলোর একটি পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশও দিয়েছেন।
