বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আর্থিক সহায়তা

পাকিস্তানের তিন বিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ বাড়াল সৌদি আরব

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৫, ২০২৬, ০১:৩০ পিএম

পাকিস্তানের তিন বিলিয়ন ডলার ঋণ পরিশোধের মেয়াদ বাড়াল সৌদি আরব

ইসলামাবাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানকে দেওয়া তিন বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। গত ৩১ অক্টোবর এই সহায়তার মূল তিন মাসের মেয়াদ শেষ হওয়ার পর এই সিদ্ধান্ত এল।

পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব ইসলামাবাদে সাংবাদিকদের বলেন, মেয়াদ বাড়ানো হয়েছে এবং তা বেশ ভালো একটি সময়ের জন্যই করা হয়েছে। দুই দেশের কৌশলগত সম্পর্কের কথা বিবেচনা করলে মেয়াদ ঠিক কত দিনের জন্য বাড়ল, তা নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

সংযুক্ত আরব আমিরাতের সাড়ে তিন বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে গত এপ্রিল মাসে পাকিস্তানকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। সে সময় আবুধাবি তাৎক্ষণিক ঋণ পরিশোধের তাগিদ দেওয়ায় পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভে হঠাৎ বড় ধরনের টান পড়েছিল।

এর আগে রিয়াদ ২০২৮ সাল পর্যন্ত কার্যকর আরেকটি পাঁচ বিলিয়ন ডলারের সহায়তা চুক্তির মেয়াদ বাড়িয়েছিল। সাম্প্রতিক বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যাংাকক বৈঠকের ফাঁকে সৌদি সমকক্ষ মোহাম্মদ আল-জাদানের সঙ্গে সাক্ষাতে এই আর্থিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলেন বলে জানান আওরঙ্গজেব।

গত জুলাই মাসে অনুরোধ জানানো আলাদা দশ বিলিয়ন ডলারের মার্কিন ব্যাকস্টপ সহায়তা সুবিধার সম্ভাবনা অবশ্য এখন কিছুটা কমে এসেছে। সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ের সময় এক্সচেঞ্জ স্ট্যাবিলাইজেশন সাপোর্ট ফ্যাসিলিটি বা বিনিময় স্থিতিশীলতা সহায়তা সুবিধা নিয়ে কথা বলেন আওরঙ্গজেব।

মুহাম্মদ আওরঙ্গজেব জানান, তাঁরা গত জুলাই মাসে বাজার প্রবেশাধিকারের জন্যই মূলত অনুরোধ করেছিলেন এবং তা তাঁরা পেয়ে গেছেন।

তিনি উল্লেখ করেন, গত সেপ্টেম্বর মাসে ছয় বিলিয়ন ডলারের অর্ডারের বিপরীতে পাকিস্তান সফলভাবে তিন বিলিয়ন ডলারের বন্ড ইস্যু করেছে। মার্কিন তারল্য সহায়তা সুবিধা না পাওয়া গেলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রাখছে সরকার।

মন্ত্রী আরও বলেন, যদি মার্কিন সহায়তাটি পাওয়া যায় তবে তা দারুণ ব্যাপার হবে এবং এটি তারল্য সহায়তা হিসেবে কাজ করবে। আর তা না পেলে ইউরিবন্ড, পান্ডা বন্ড এবং রুপি-সংযুক্ত ডলার-সেটেলড বন্ড আরও বেশি পরিমাণে ইস্যু করার পরিকল্পনা তাদের রয়েছে।

চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ চার বিলিয়ন ডলার কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পাকিস্তান। গত অর্থবছরে সাড়ে চার বিলিয়ন ডলার কমানোর পর আগামী বছর আরও সাড়ে তিন বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা রয়েছে দেশের।

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের তরল বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ প্রায় ২৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। এর মধ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তানের কাছে রয়েছে ২১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে আছে প্রায় ৫ দশমিক ৪১ বিলিয়ন ডলার।

banner
Link copied!