ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করার তীব্র নিন্দা জানাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে আহ্বান জানিয়েছে তেহরান।
এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, নিরাপত্তা পরিষদের সভাপতি এবং আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের কর্মকর্তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন এই ঘোষণাকে ঘৃণ্য হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির মাধ্যমে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা প্রচার করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এতে ইরানের পারমাণবিক স্থাপনা, সরঞ্জাম, বিজ্ঞানী ও কর্মীদের সম্পর্কে তথ্য দিলে দুই কোটি ডলার পর্যন্ত পুরস্কার এবং পুনর্বাসনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বলেছেন, ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে গুপ্তবৃত্তিকে উৎসাহিত করছে। তিনি সতর্ক করে বলেছেন যে এই পরিকল্পনার ফলে কারিগরি ও গবেষণা কর্মীরা গুপ্তহত্যা এবং অন্তর্ঘাতসহ গুরুতর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছেন।
মার্কিন এই প্রচারণা আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা ও সততাকে ক্ষুণ্ন করছে বলে দাবি করেছেন ইরানি কূটনীতিক। তিনি জানান, আইএইএর তদারকির অধীনে থাকা স্থাপনাগুলোর সংবেদনশীল ও গোপনীয় তথ্যকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
কর্মকর্তারা এবং সংবেদনশীল উপকরণগুলো যখন হামলার হুমকির মুখে থাকে, তখন তদারকি দায়িত্বের স্বাভাবিক বাস্তবায়ন বজায় রাখা সম্ভব নয় বলে যোগ করেন আরাকচি।
তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির চতুর্থ অনুচ্ছেদের কথা তুলে ধরেন, যা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি বিকাশের সার্বভৌম অধিকার নিশ্চিত করে।
বিশ্ব শান্তি ও নিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব খতিয়ে দেখতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ওয়াশিংটনের এসব বেআইনি কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহিতার আওতায় আনার তাগিদও দিয়েছেন তিনি।
পরিদর্শনের সময় সংগৃহীত সমস্ত গোপনীয় তথ্য সুরক্ষার জন্য আইএইএর প্রধান গ্রোসির প্রতি অনুরোধ জানিয়েছেন আরাকচি। গোয়েন্দা উদ্দেশ্যে এই ধরনের তথ্যের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি এবং বিষয়টি আইএইএর গভর্নর বোর্ডে তোলার অনুরোধ করেন।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর এই নতুন কূটনৈতিক দ্বন্দ্ব তৈরি হলো। সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও পারমাণবিক তদারকি, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং স্থায়ী সমাধানের শর্ত নিয়ে দুই দেশের মধ্যে দূরত্ব কাটেনি।
