বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালী বন্ধ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না: দাবি তেহরানের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৬, ০৩:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না: দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাঠানো সাত দফা শান্তি প্রস্তাবের জবাবে ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনার খবর পুরোপুরি ভিত্তিহীন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

এর আগে হোয়াইট হাউসে কাতার ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের বৈঠকের পর কূটনৈতিক অগ্রগতির খবর ছড়িয়ে পড়েছিল। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির সঙ্গে আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, সংঘাত অবসানের দিকে ইতিবাচক গতি দেখা যাচ্ছে। কাতার এই যুদ্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

কাতারে কোনো ধরনের বৈঠক বা আলোচনা হওয়ার দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন মোহসেন রেজায়ি। তিনি জোর দিয়ে বলেন, অর্থনৈতিক চাপ কমাতে এবং তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন আলোচনার ফাঁপা প্রচারণা চালাচ্ছে।

রেজায়ির স্পষ্ট ঘোষণা, তেহরানের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে। মার্কিন প্রাথমিক জবাবকে অপর্যাপ্ত ও প্রতারণামূলক আখ্যা দিয়ে তেহরান এখন একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট উত্তরের অপেক্ষা করছে।

তেহরান এখনো তাদের শর্তগুলোর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি। তবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মোহসেন রেজায়ি জানিয়েছেন, এই শর্তগুলোর মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা ও মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং সব মোর্চায় শত্রুতা বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবিটিও এর অন্তর্ভুক্ত।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে জানান, এই শর্তগুলো পূরণ হলে মাত্র দুই দিনের মধ্যেই এই সামুদ্রিক পথ আবার খুলে দেওয়া সম্ভব। সামরিক পদক্ষেপ কিংবা কঠোর নিষেধাজ্ঞা দিয়ে এই সংকটের কোনো সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

চলমান সংঘাতটি ইতোমধ্যে নবম মাসে গড়িয়েছে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং বৈশ্বিক বাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বেড়ে গেছে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী প্যারিসে সৌদি পররাষ্ট্রমন্ত্রী এবং চার ইউরোপীয় কূটনীতিকের সঙ্গে বর্তমান সংকট নিয়ে আলোচনা করেছেন।

ফরাসি রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জানান, কূটনীতির পথ এখনো খোলা রেখেছে ওয়াশিংটন। অতিরিক্ত হামলা চালানোর প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, অর্থনৈতিক পদক্ষেপগুলোর মাধ্যমেই একই লক্ষ্য অর্জন করা সম্ভব হচ্ছে।

এদিকে হরমুজ প্রণালীতে সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানিয়েছে, পূর্বমুখী এই জলপথের একটি অননুমোদিত রুট দিয়ে যাওয়ার সময় নৌমিনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে যায়।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি এই এলাকায় দুটি ট্যাংকার দুর্ঘটনার কবলে পড়ার খবর নিশ্চিত করেছে। ওমানের লিমা গ্রামের উত্তর-পূর্বে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। সামুদ্রিক নজরদারি প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী, কেবল নভেম্বর মাসেই হরমুজ প্রণালী ও এর আশপাশে অন্তত ৩৭টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যা এই সংঘাত শুরুর পর থেকে মাসিক সর্বোচ্চ রেকর্ড।

banner
Link copied!