পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে পুলিশের বেশ কয়েকটি গাড়িতে মিলিট্যান্টদের অতর্কিত হামলা এবং পরবর্তী দীর্ঘস্থায়ী বন্দুকযুদ্ধে দশ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার এই হতাহতের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
আফগান সীমান্তের কাছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাট জেলায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ কর্মকর্তা ফয়সাল খান জানান, কোহাটের নিকটবর্তী এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে অভিযান শেষে পুলিশ সদস্যরা ফিরে আসছিলেন।
নিহত দশ পুলিশ কর্মীর মধ্যে দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাও রয়েছেন। হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর কয়েক ঘণ্টা ধরে তুমুল গোলাগুলি চলে।
এই সংঘর্ষের কয়েক ঘণ্টা পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তানি তালেবান হামলার দায় স্বীকার করে। তেহরিক-ই-তালাবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত এই গোষ্ঠীটি সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে।
খাইবার পাখতুনখাওয়া পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বন্দুকযুদ্ধে আঠারো জন খারেজিও নিহত হয়েছেন। সরকারিভাবে টিটিপি সদস্যদের বোঝাতেই এই শব্দটি ব্যবহার করা হয়।
পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলাকারীরা অপরাধী চক্রগুলোর সঙ্গে মিলে এই অপারেশন চালিয়েছিল, যা পাকিস্তানি তালেবান ও অপরাধী নেটওয়ার্কগুলোর মধ্যকার যোগসাজশ প্রমাণ করে। বিদেশি শক্তির ইন্ধনে এই দুটি পক্ষ হাত মিলিয়েছে বলে দাবি করেন কর্মকর্তারা, যদিও এর সপক্ষে তারা কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
মিলিট্যান্ট ও অপরাধী নেটওয়ার্কগুলোকে যারা সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ। এলাকায় কোনো ধরনের অবৈধ তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ইসলামাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত পুলিশ কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
পাকিস্তান গত কয়েক বছর ধরে সহিংসতা বৃদ্ধির মুখোমুখি হচ্ছে, যার জন্য মূলত টিটিপিকেই দায়ী করা হয়। ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতায় ফেরা আফগান তালেবানের সঙ্গে এই গোষ্ঠীটি আদর্শগতভাবে পৃথক হলেও তাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।
আফগান তালেবান প্রশাসন টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে বলে নিয়মিত অভিযোগ করে আসছে পাকিস্তান, যদিও কাবুল তা বরাবরই অস্বীকার করে আসছে। এই ক্রমবর্ধমান সহিংসতার কারণে ইসলামাবাদ ও আফগান সরকারের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। এর ফলে গত বছর থেকে সীমান্ত এলাকায় এবং আফগানিস্তানের অভ্যন্তরে সম্ভাব্য টিটিপি আস্তানা লক্ষ্য করে সামরিক হামলা চালিয়ে আসছে পাকিস্তান।
