যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের পর কৌশলগত হরমুজ প্রণালী আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা মোহাম্মদ বাদের কালিবফ। গত বুধবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এই গুরুত্বপূর্ণ জলপথ তদারকির বিষয়ে তেহরান ও ওমানের মধ্যে একটি বোঝাপড়া হয়েছে।
আট মাস ধরে চলা এই যুদ্ধ থামানোর জন্য তেহরানের পেশ করা সাত দফা প্রস্তাবের অংশ এই ব্যবস্থা। তিনি উল্লেখ করেন, এই সামুদ্রিক করিডোরে কোনো মুক্ত বা আন্তর্জাতিক জলসীমা নেই। এমনকি ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন এই প্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও দাবি করেন তিনি।
ওই শীর্ষ মধ্যস্থতাকারীর ভাষ্যমতে, এই জলপথের নিয়মকানুন এর দুই তীরের দেশের আইন দ্বারাই নিয়ন্ত্রিত হবে। কাতারি মধ্যস্থতাকারের মাধ্যমে ওয়াশিংটনকে নিজেদের স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছে তেহরান। শান্তি আলোচনার জন্য সাতটি শর্তের কথা উল্লেখ করে এখন একটি আনুষ্ঠানিক উত্তরের অপেক্ষায় রয়েছে দেশটি।
ইরানের উপস্থাপিত শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেওয়া। এ ছাড়া তেহরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা, সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করা এবং যুদ্ধ অবসানের একটি সুনির্দিষ্ট ঘোষণা দাবি করেছে তারা।
গত জুন মাসে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারক থেকেই এসব দাবি উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো আলোচনায় বসার আগে এসব দাবি বাস্তবায়ন করা বাধ্যতামূলক একটি পদক্ষেপ বলে স্পষ্ট করে জানান তিনি।
কালিবফের মতে, ওয়াশিংটন যদি অতিরিক্ত দাবি না তোলে এবং অবিশ্বাসের জন্ম দেয় এমন আচরণ থেকে বিরত থেকে পূর্বের প্রতিশ্রুতিগুলো মেনে চলে, তবে সমঝোতা সম্ভব। চুক্তি অর্জনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাবকে চিহ্নিত করেছেন।
মার্কিন কর্মকর্তারা মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা মধ্যস্থতা করার অনুরোধ জানিয়েছিলেন। নতুন কোনো সামরিক পদক্ষেপের বিষয়ে সতর্ক করে কালিবফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরেকটি পরাজয়ের মুখে পড়বেন এবং আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণকারী নতুন কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মুখে পড়বেন।
তিনি জানান, ইরান এখন যুদ্ধ ও শান্তির মধ্যবর্তী অনিশ্চিত অবস্থা কাটিয়ে উঠতে চায় এবং সামরিক শক্তিসহ একটি টেকসই প্রতিরোধ সক্ষমতা গড়ে তুলতে সচেষ্ট রয়েছে। ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীগোষ্ঠীর চলমান সংঘাতের বিষয়ে তিনি বলেন, এই পরিস্থিতিতে বাইরের কোনো পক্ষেরই হস্তক্ষেপ করা উচিত নয়।
ইয়েমেনের সরকার এবং সৌদি আরব উভয়পক্ষই যদি সহায়তা চায়, তবে সংঘাত সমাধানে ইরান সাহায্য করবে বলে যোগ করেন তিনি। এর আগে গত অক্টোবরে সৌদি আরবে প্রাণঘাতী হামলার পর সৌদী আরব ও হুথি গোষ্ঠীর মধ্যে আলোচনা মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিল ইরান।
