ইসলামের পবিত্রতম নগরী মক্কার দিকে কোনো ড্রোন নিক্ষেপ করা হয়নি বলে জানিয়েছে ইয়েমেনের হুথি আন্দোলন। রিয়াদের এমন অভিযোগকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন হুথিদের এক মুখপাত্র।
,ওই মুখপাত্র জানান, তাদের বাহিনী মক্কার বদলে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু শহরের একটি তেল পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে ড্রোন পরিচালনা করেছিল। এ ছাড়া তিনটি ক্রুজ মিসাইল ব্যবহার করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
,এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা রিয়াদের দিকে ছোড়া তিনটি ক্রুজ মিসাইল এবং মক্কা ও দেশটির দক্ষিণাঞ্চলের দিকে নিক্ষিপ্ত ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। সৌদির সিভিল ডিফেন্স অথরিটি জানায়, প্রতিহত করা দুটি ব্যালিস্টিক মিসাইলের টুকরো মক্কা প্রদেশের সাবুহা গ্রামে এসে পড়েছে। আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ।
,এদিকে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ভেতরে হুথি যোদ্ধা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের মিত্র সৌদি সমর্থিত বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। ইয়েমেনি সেনাবাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি জানান, সাম্প্রতিক অভিযানে ১৩৮ জন হুথি যোদ্ধা নিহত কিংবা আহত হয়েছেন।
,আল-নুজাইলির ভাষ্য অনুযায়ী, সৌদি সমর্থিত সেনাবাহিনী ৭৭৩টি ফিল্ড আর্টিলারি হামলা চালিয়েছে। এর পাশাপাশি ৪৪টি ড্রোন ও ৩৭টি রকেট হামলাও চালানো হয়েছে। আল-জউফ, মারিব, আল-বায়দা এবং তাইজ গভর্নরেটে এসব অভিযান পরিচালিত হয় এবং জোটের বিমান হামলায় ৮৬টি ভারী অস্ত্র ও সামরিক যান ধ্বংস হয়ে যায়।
,এতকিছুর পরও সরকারি বাহিনী আদেনের আল-বুরাইকা জেলায় হুথিদের গোলাবর্ষণ থামকাতে ব্যর্থ হয়েছে। তথ্যমন্ত্রী সালেম আল-আওয়ালকি সামাজিক মাধ্যমে এই গোলাবর্ষণের নিন্দা জানিয়ে বলেন, জনবহুল বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন যে তাদের বাহিনী আল-বুরাইকায় একটি জোট কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে জানান যে কয়েকটি ব্যালিস্টিক মিসাইল দিয়ে ওই স্থাপনায় আঘাত হানা হয়েছে।
,বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সংঘাতে গত ৮ নভেম্বর পর্যন্ত মোট হতাহতের সংখ্যা ১১ হাজার ৭৫৫ জনে পৌঁছেছে। এর মধ্যে ২ হাজার ৯৮ জনের মৃত্যু এবং ৯ হাজার ৬৫৭ জনের আহত হওয়ার তথ্য রয়েছে। শুধু নয় দিনের ব্যবধানে দুই হাজারের বেশি হতাহতের ঘটনা রেকর্ড করা হয়েছে।
,পরিস্থিতির অবনতি হওয়া অঞ্চলগুলোর মধ্যে মারিব এবং লাহিঞ্জ এখনও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। গত আগস্ট মাস থেকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে এবং মাত্র এক সপ্তাহের মধ্যে প্রায় ১৬ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন।
,বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে জানিয়েছে যে বিমান হামলায় স্বাস্থ্যকেন্দ্র এবং অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান সহায়তা সরবরাহ সত্ত্বেও জ্বালানির তীব্র সংকটের কারণে তাইজে জরুরি চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
