পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করার আগেই পদপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার উপরাষ্ট্রপতি জিব্রান রাকাবুম্রাকা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা নিউজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ৩৯ বছর বয়সী এই কর্মকর্তা জাকার্তায় সংসদ কমপ্লেক্সে পিপলস কনসালটেটিভ অ্যাসেম্বলির নেতাদের সঙ্গে বৈঠক করে পদত্যাগপত্র জমা দেন।
জিব্রান হলেন সাবেক রাষ্ট্রপতি জোকো উইদোলোর পুত্র, যিনি জোকোভি নামেই বেশি পরিচিত। ২০২৪ সালের নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর রানিং মেট হিসেবে তিনি ভোটারদের রায়ে নির্বাচিত হয়েছিলেন।
রাষ্ট্রীয় সচিব মন্ত্রী প্রাসেত্যো হাদি মঙ্গলবার জানান, আড়াই ঘণ্টার এক বৈঠকে প্রবোওর কাছে নিজের পদত্যাগের ইচ্ছার কথা জানান জিব্রান।
শিক্ষাগত যোগ্যতার সনদ নিয়ে সাংবিধানিক আদালত এবং সুপ্রিম কোর্টে আইনি লড়াই চলার পর এই পদত্যাগের ঘটনা ঘটল। জিব্রানের পদত্যাগের ফলে অন্তত ১২০ জন আইনপ্রণেতার আনা অভিশংসন পরিকল্পনাও স্থগিত হয়ে গেছে, যারা সাবেক উপরাষ্ট্রপতির বিরুদ্ধে মতামত প্রকাশের অধিকার প্রয়োগের প্রস্তাব করেছিলেন।
বিদায়ী এই কর্মকর্তা সংসদীয় নেতৃত্বের সঙ্গে প্রায় ২০ মিনিট বৈঠক করেন। এমপিআর স্পিকার আহমাদ মুজানি সাংবাদিকদের জানান, আইনপ্রণেতারা পদত্যাগপত্র পর্যালোচনা করে পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।
মুজানি বলেন, পদত্যাগপত্র নিয়ে আলোচনা করতে এমপিআর নেতৃত্ব আজ বৈঠকে বসবে এবং পরবর্তী পদক্ষেপ নির্ধারণের জন্য দলীয় নেতা ও আঞ্চলিক প্রতিনিধি পরিষদের সঙ্গে যৌথ বৈঠক করবে।
সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি প্রবোওকে জিব্রানের উত্তরসূরি হিসেবে ১৪ দিনের মধ্যে দুজন প্রার্থী মনোনীত করতে হবে। এরপর আগামী ৬০ দিনের মধ্যে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে সংসদকে।
মধ্য জাভার সলোতে এই রাজনৈতিক পটপরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন ৬৫ বছর বয়সী সাবেক রাষ্ট্রপতি জোকোভি। তিনি জানান, রাজনৈতিক পদে রাজনৈতিক গতিপ্রকৃতি থাকে এবং এ ধরনের পরিবর্তন স্বাভাবিক বিষয়।
সাংবাদিকদের তিনি বলেন, আমি জিব্রানকে বলেছি যেকোনো পদই অস্থায়ী।
জোকোভি আরও যোগ করেন যে তিনি বর্তমান প্রশাসনকে সমর্থন দিয়ে যাবেন, বিশেষ করে জনগণের কল্যাণমূলক কর্মসূচিগুলোতে।
