বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

পাকিস্তান নিরাপত্তা সংকট

উত্তর-পশ্চিম পাকিস্তানে অতর্কিত হামলা: ১০ পুলিশ ও ১৮ যোদ্ধা নিহত

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৩:০০ পিএম

উত্তর-পশ্চিম পাকিস্তানে অতর্কিত হামলা: ১০ পুলিশ ও ১৮ যোদ্ধা নিহত

উত্তর-পশ্চিম পাকিস্তানে এক রক্তক্ষয়ী হামলায় ১০ পুলিশ সদস্যসহ মোট ২৮ জন নিহত হয়েছেন। খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধ স্বর্ণখনির বিরুদ্ধে অভিযান চালিয়ে ফেরার পথে এই অতর্কিত হামলার ঘটনা ঘটে।

কোহাট জেলার গুম্বাত এলাকার একটি খনি থেকে পুলিশ সদস্যরা ফিরছিলেন। এ সময় সশস্ত্র ব্যক্তিরা তাদের গাড়িবহরে অতর্কিত গুলি চালায় বলে প্রাদেশিক পুলিশ জানিয়েছে। হামলায় আরও ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

কোহাটের একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, হামলার সময় যোদ্ধারা পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া পুলিশের আরও দুটি এবং একটি বেসরকারি গাড়ি নিখোঁজ রয়েছে।

এই সংঘাতের কয়েক ঘণ্টা পর পাকিস্তানি তালেবান এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে। এই সশস্ত্র গোষ্ঠীটি তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি নামে পরিচিত।

কোহাট জেলায় গোলাগুলির এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় জরুরি সেবার এক মুখপাত্র। উদ্ধারকর্মীরা কোহাটের ডিএইচকিউ হাসপাতালে আহত এক ডজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেন।

একই জেলার ওড়াকজাই এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখানে টিটিপির ১০ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন। অভিযানকালে নিরাপত্তা বাহিনী ওই যোদ্ধাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে।

সীমান্তবর্তী এই প্রদেশে নিরাপত্তা বাহিনী ক্রমবর্ধমান সহিংসতার মুখোমুখি হচ্ছে। কর্তৃপক্ষের দাবি, আফগানিস্তান থেকে এই হামলাগুলো পরিচালিত হচ্ছে। তবে কাবুলের তালেবান সরকার এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

সম্প্রতি এই অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়ে দিয়েছে টিটিপি। গত কয়েক বছর ধরে পাকিস্তানে সামগ্রিক সহিংসতা বৃদ্ধি পেয়েছে এবং এর জন্য এই সশস্ত্র গোষ্ঠীকেই দায়ী করে আসছেন কর্মকর্তারা।

টিটিপি একটি পৃথক সত্তা হিসেবে কার্যক্রম চালালেও তারা আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিতালি বজায় রাখে। ২০২১ সালে প্রতিবেশী আফগানিস্তানে ক্ষমতায় ফিরেছিল আফগান তালেবান।

আফগান তালেবান ক্ষমতা দখলের পর থেকেই ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর সীমান্ত প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেলে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরও অবনতি হয়।

পাকিস্তান প্রায়ই আফগান প্রশাসনকে টিটিপি যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে থাকে, যা কাবুল প্রত্যাখ্যান করে আসছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত এক বছরে দুই দেশের মধ্যকার সংঘাতে শত শত বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

banner
Link copied!