ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কার প্রেক্ষাপটে বৈঠকে বসতে যাচ্ছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা।
ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে যে গত ৫ অক্টোবরের পর এই প্রথম মন্ত্রিসভার এমন আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।
ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলা এবং বৃহত্তর সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করার জন্য সামরিক বাহিনীকে নির্দেশনা দেওয়ার খবরের পরই এই বৈঠক ডাকা হয়েছে।
এদিকে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় সামরিক অভিযান বন্ধ রাখতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে চিঠি পাঠিয়েছেন বিরোধী আইনপ্রণেতা গাদি আইজেনকোট।
আইজেনকোট নেতানিয়াহুকে লিখেছেন যে তিনি বর্তমানে এমন একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দিচ্ছেন যার ওপর নেসেটের কোনো আস্থা নেই এবং মাত্র ৪৬ জন আইনপ্রণেতা তাঁর পদে টিকে থাকাকে সমর্থন করছেন।
নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এই চিঠিকে দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ এবং নিরাপত্তা ইস্যুকে রাজনৈতিক রূপ দেওয়ার সুস্পষ্ট চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে।
আইজেনকোট প্রশ্ন তুলেছেন কেন তাঁর অপারেশনাল ব্রিফিংয়ের অনুরোধ প্রত্যাখ্যান করা হলো এবং কেন নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আগামী সপ্তাহে পিছিয়ে দেওয়া হলো।
নেসেটের আস্থা হারানো একটি সরকারের ওপর নজরদারির ক্ষেত্রে কোনো ধরনের শূন্যতা তৈরি হতে দেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।
জরুরি অবস্থা তৈরির মাধ্যমে নেতানিয়াহু ইরানে সামরিক হামলা চালাতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী দলের অনেকে।
ইসরায়েলি আইন অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের সামরিক হামলা চালাতে কোনো আইনি বাধা নেই, তবে যেকোনো পদক্ষেপের জন্য নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদনের প্রয়োজন হয়।
গত ২০২৫ সালের জুন মাস থেকে ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধ পরিচালনা করেছে ইসরায়েল এবং এর জবাবে ইসরায়েলে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান।
