বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হরমুজ প্রণালী

হরমুজ প্রণালীতে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণ: দাবি আইআরজিসির

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৫:৩০ পিএম

হরমুজ প্রণালীতে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণ: দাবি আইআরজিসির

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, বুধবার রাতে দুটি বড় তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের মুখে পড়েছে। ইরানের বার্তা সংস্থা আইএসএনএ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জলপথটির দক্ষিণাংশ অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, এই দুটি সুপারট্যাংকারে সম্মিলিতভাবে ৪০ লাখ ব্যারেলের বেশি তেল ছিল। শক্তিশালী একটি বিস্ফোরণের পর জাহাজ দুটি থেমে যায় বলে সামরিক বাহিনীর এই শাখাটি যোগ করে।

তবে বিবৃতিতে ক্ষতিগ্রস্ত জাহাজ দুটির নাম প্রকাশ করা হয়নি। এছাড়া কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়েও কোনো বিস্তারিত তথ্য জানাননি কর্মকর্তারা।

ইরানি নৌবাহিনী ট্যাংকার দুটিকে মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত করেছে। তারা মার্কিন বাহিনীকে একটি চোরাচালানকারী সেনাবাহিনী হিসেবে অভিহিত করে।

আইআরজিসি এ বিষয়ে সরাসরি সতর্কবার্তা জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগর বা হরমুজ প্রণালীতে চলাচল করার সময় যে কোনো জাহাজ যদি তাদের নেভিগেশন ব্যবস্থা নিষ্ক্রিয় করে মার্কিন বাহিনীর সঙ্গে সহযোগিতা করে, তবে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে।

ঘোষণাটিতে আরও বলা হয়েছে, স্থানীয় ট্রাফিক নিয়ন্ত্রণ কেন্দ্রের বারবার সতর্কবার্তা উপেক্ষা করেই ট্যাংকার দুটি ওই পথ অতিক্রম করছিল।

হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য সরবরাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এই করিডোর দিয়ে নৌচলাচল ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান আলোচনার একটি কেন্দ্রীয় বিষয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালালে এই সংঘাত শুরু হয়। পরে এপ্রিলে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও পরবর্তীতে আবার সংঘর্ষ শুরু হয়।

কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সশস্ত্র সংঘাত নতুন করে শুরু হয়। এর আগে দুই পক্ষই গত জুন মাসে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছিল।

banner
Link copied!