আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় শীর্ষ সম্মেলনের ফাঁকে একটি কৌশলগত অংশীদারি চুক্তিতে সই করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।
এই যৌথ ঘোষণাপত্র দুই দেশের সরকারকে প্রতিরক্ষা ও নিরাপত্তা খাতে সহযোগিতা জোরদার করার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আবদ্ধ করেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অভিন্ন হুমকি মোকাবিলা ও প্রতিরোধে দুই দেশের সক্ষমতা বাড়ানোই এই চুক্তির মূল লক্ষ্য।
চুক্তির নথিতে বলা হয়েছে, উচ্চপর্যায়ের যোগাযোগের গতিশীলতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন দুই নেতা।
প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথভাবে কাজ করার মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নেওয়ার রূপরেখা রয়েছে এই চুক্তিতে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগসহ প্রতিরক্ষা শিল্পের সহযোগিতা বৃদ্ধির সুযোগগুলো খতিয়ে দেখতেও একমত হয়েছেন দুই পক্ষ।
ঘোষণাপত্রটিতে আরও বলা হয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় নিরাপত্তার বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা জোরদার করবে উভয় দেশ।
নিরাপত্তার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন দুই নেতা। দীর্ঘমেয়াদি বাণিজ্যিক অংশীদারত্ব এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রয়েছে তাদের।
এই অর্থনৈতিক সহযোগিতার অগ্রাধিকার খাতের মধ্যে রয়েছে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো এবং সেবাখাত। সংশ্লিষ্ট পরিবহন ও লজিস্টিকস প্রকল্পের পাশাপাশি মধ্য করিডরের উন্নয়নে সহায়তার কথা জানিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন তারা।
অর্থনৈতিক ও কারিগরি সংলাপ পরিচালনার প্রধান মাধ্যম হিসেবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক যৌথ আন্তঃসরকার কমিশনের ভূমিকার ওপর জোর দেওয়া হয়েছে ঘোষণাপত্রে। বিনিয়োগ, অর্থনৈতিক বৈচিত্র্যয়ন ও জ্বালানি সহযোগিতা বিষয়ক যৌথ উদ্যোগ এগিয়ে নিতে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা মেটাতে উচ্চশিক্ষা, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ডিজিটাল দক্ষতা এবং সরকারি খাতের প্রশিক্ষণসহ শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এই চুক্তিতে।
প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে প্রতিবছর একটি কৌশলগত অংশীদারি বৈঠক অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এই বৈঠকে চুক্তির তিনটি স্তম্ভের অগ্রগতি পর্যালোচনা করা হবে, ভবিষ্যৎ অগ্রাধিকার নির্ধারণ করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।
