গত মঙ্গলবার ওয়াশিংটনে সৌদি চেম্বার্স ফেডারেশন এবং সৌদি-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুই দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করাই এই চুক্তির মূল লক্ষ্য।
এই চুক্তিতে সৌদি বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করেছে চেম্বার্স ফেডারেশন। মার্কিন কোম্পানিগুলোর সাথে বাণিজ্যিক সম্পর্ক গভীর করার প্রক্রিয়ায় ব্যবসায়িক চাহিদাগুলো যেন সঠিকভাবে পূরণ হয়, তা নিশ্চিত করবে এই সংস্থা।
মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তরের আনুষ্ঠানিক হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে মোট পণ্যের বাণিজ্যের পরিমাণ প্রায় ২৪শ কোটি ডলার। এর মধ্যে সৌদিতে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি সাত দশমিক দুই শতাংশ বেড়ে এক হাজার চারশ কোটি ডলারে উন্নীত হয়েছে। অন্যদিকে সৌদি আরব থেকে আমদানি ১৮ দশমিক চার শতাংশ কমে এক হাজার পাঁচ কোটি ডলারে নেমে এসেছে।
সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারকটি কোম্পানিগুলোর মধ্যে যোগাযোগের পথ সুগম করতে একটি কাঠামো তৈরি করবে। এর মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং দুই বাজারের পারস্পরিক সমস্যাগুলো দূর করার পরিকল্পনা রয়েছে।
চুক্তিতে সহযোগিতার বেশ কিছু ব্যবহারিক রূপরেখা তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং কোম্পানিগুলোর নিজেদের মধ্যে বৈঠক ও যৌথ উদ্যোগের সুযোগ তৈরির সরাসরি মাধ্যম।
উভয় পক্ষই বিনিয়োগ এবং কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিতে চায়। একই সাথে তারা বাজারের পরিস্থিতি সম্পর্কে কোম্পানিগুলোকে আরও স্পষ্ট ধারণা দিতে তথ্য ও অভিজ্ঞতা বিনিময় করবে।
এই চুক্তির আওতায় দুটি সংস্থাই যথাযথ উপায়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোম্পানিগুলোর জন্য বাজারে প্রবেশ সহজ করা এবং যেকোনো প্রতিবন্ধকতা দূর করতেই এই পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা হয়েছে।
এর মাত্র কিছুদিন আগেই মার্কিন চেম্বারের সাথে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল সৌদি চেম্বার্স ফেডারেশন। গত ১০ নভেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত বি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে ওই চুক্তি সম্পন্ন হয়।
এসব চুক্তি স্বাক্ষরের আগে গত ৮ নভেম্বর রিয়াদে একটি পর্ষদ সভা করেছিল সৌদি-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিল। এতে উপস্থিত ছিলেন জ্বালানি ও শিল্পমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান, বিনিয়োগমন্ত্রী ফাহাদ আল-সাইফ এবং কাউন্সিলের দুই কো-চেয়ার লুবনা ওলিয়ান ও জেন ফ্রেজার।
পর্ষদ বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিধি বাড়ানো এবং নতুন বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া বাণিজ্যের ক্ষেত্রে কাঠামোগত বাধাগুলো চিহ্নিত করতে একটি কর্মপরিকল্পনা নিয়েও কথা বলেন তারা।
বৈঠকে জাতীয় বিনিয়োগ কৌশলের দ্বিতীয় সংস্করণ খুব শীঘ্রই চালুর কথা জানান বিনিয়োগমন্ত্রী ফাহাদ আল-সাইফ। তিনি জানান, এই কৌশলের মূল ফোকাস থাকবে বিনিয়োগের সম্ভাবনাগুলোকে বাস্তবে রূপ দেওয়া।
