শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

পারমাণবিক নিরাপত্তা

ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান আইএইএর

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৩, ২০২৬, ০৪:৩০ পিএম

ইরানের পরমাণু কেন্দ্র পরিদর্শকদের প্রবেশাধিকার দেওয়ার আহ্বান আইএইএর

জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা গত শুক্রবার ইরানকে প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শকদের ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য ধাপে ধাপে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ জানিয়েছে, এ ধরনের প্রবেশাধিকার অত্যন্ত জরুরি।

২০২৫ সালের জুনে ১২ দিনের একটি সংঘাতের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শকদের এই ইসলামিক প্রজাতন্ত্রের প্রধান পারমাণবিক সাইটগুলোতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার মাধ্যমে সেই সামরিক অভিযান চালানো হয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানো হয়। ওই হামলার পর থেকেই আইএইএ বারবার সেখানে প্রবেশের অনুরোধ জানিয়ে আসছে।

আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের জন্য প্রস্তুত করা এক প্রতিবেদনে সংস্থাটি তাদের এই অবস্থানের কথা তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেরি না করে ইরানে যাচাইকরণ কার্যক্রম পরিচালনা করা সংস্থাটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবেদন অনুযায়ী, মহাপরিচালক ইরানকে এমন কিছু প্রযুক্তিগত ও পর্যায়ক্রমিক ব্যবস্থা বিবেচনা করার উৎসাহিত করেছেন, যা দেশে পরিদর্শকদের ফিরিয়ে আনার উপযোগী পরিবেশ তৈরি করতে পারে। এই ধরনের ধাপে ধাপে নেওয়া পদক্ষেপ স্বাভাবিক নিরাপত্তাবেষ্টনী বাস্তবায়নের পথ সুগম করতে পারে এবং একটি বৃহত্তর চুক্তির জন্য আস্থা তৈরি করতে পারে।

গত কয়েক সপ্তাহে আইএইএ এবং ইরানের মধ্যে হওয়া চিঠিপত্র আদান-প্রদানের বিষয়টি নথিতে তুলে ধরা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে পরিদর্শকেরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে সক্ষম হলেও অন্যান্য স্থাপনাগুলো সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে।

পারমাণবিক সাইটগুলোতে সামরিক হামলা নতুন পরিস্থিতির সৃষ্টি করেছে বলে স্বীকার করেছে সংস্থাটি। তবে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, সহযোগিতার অভাবে সংস্থাটি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না যে ঘোষিত পারমাণবিক উপাদান শান্তিপূর্ণ কার্যক্রম থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়নি।

পর্যাপ্ত তথ্য ও সাইটে প্রবেশাধিকারের অভাব অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত গুরুতর উদ্বেগের জন্ম দিচ্ছে। আইএইএ জানিয়েছে, সর্বোচ্চ জরুরি ভিত্তিতে এই পরিস্থিতির অবসান ঘটাতে হবে।

পারমাণবিক অপ্রসারণ চুক্তি মেনে না চলার কারণে গত সেপ্টেম্বর মাসে আইএইএ বোর্ড ইরানকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রেরণ করে। গত দুই দশকে পারমাণবিক প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ার কারণে এই প্রথম ইরানকে জাতিসংঘের শীর্ষ এই সংস্থায় পাঠানো হলো।

২০২৫ সালের জুনের হামলার আগে আইএইএ অনুমান করেছিল যে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মাত্রা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশ সীমার কাছাকাছি এবং নিষ্ক্রিয় ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩ দশমিক ৬৭ শতাংশ সীমাকেও অনেক ছাড়িয়ে গেছে।

সামরিক পদক্ষেপের পর সমৃদ্ধ ইউরেনিয়ামের এই মজুদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। তবে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করার বিষয়টি বরাবরি অস্বীকার করে আসছে।

banner
Link copied!