ইরান সরকার জৈব কিংবা রাসায়নিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন, তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। গত বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি।
মার্কিন প্রশাসন কি আন্তর্জাতিক সম্প্রদায়কে ২০০৩ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের সেই মিথ্যা উপস্থাপনার কথা ভুলে যাওয়ার প্রত্যাশা করছে, এমন প্রশ্ন তোলেন বাকায়ি। মূলত ওই অসত্য দাবির ওপর ভিত্তি করেই পরের মাসে ইরাকে সামরিক আগ্রাসন শুরু করেছিল যুক্তরাষ্ট্র।
চলমান পরিস্থিতিকে বিশ্ববাসীর স্মৃতির সঙ্গে তুলনা করতে গিয়ে একটি চলচ্চিত্রের উদাহরণ টেনেছেন এই ইরানি কূটনীতিবিদ। ফাইন্ডিং নিমো অ্যানিমেশন ছবির ভুলে যাওয়া মাছ ডোরির মতো বিশ্ববাসীকে আবারও যেন জোর করে সম্মিলিত স্মৃতিভ্রংশতার ঘোরে রাখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ইসমাইল বাকায়ি বলেন, ইরাকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে ২০০৩ সালের ওই অবৈধ আগ্রাসনের পক্ষে জনমত তৈরি করা হয়েছিল। অথচ ওই সংঘাতের পরিণতি ইরাকি জনগণ, বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চল এবং খোদ মার্কিন সমাজের জন্যও কতটা ধ্বংসাত্মক ও ভয়াবহ প্রমাণিত হয়েছিল, তা ইতিহাস সবার জানা।
এখন আবারও বিশ্ববাসীর সামনে একই রকম অমূলক ও ভীতিপ্রদর্শনকারী অভিযোগ উপস্থাপন করা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বর্তমান ঘটনাপ্রবাহ দেখে মনে হচ্ছে পুরোনো সেই প্রতারণামূলক চিত্রনাট্যই আবার মঞ্চস্থ করার পাঁয়তারা চলছে।
২০০৩ সালের বিপর্যয়কর অভিজ্ঞতা থেকে বিশ্ব কি আসলেই কোনো শিক্ষা গ্রহণ করেছে, নাকি জনগণ আবারও এক বিশাল ধোঁকাবাজির শিকার হতে চলেছে, সেই প্রশ্নও তোলেন ইরানি এই মুখপাত্র।
এর আগে গত বুধবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পরমাণু কর্মসূচি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশটি বিকল্প হিসেবে জৈব বা রাসায়নিক অস্ত্র তৈরির কাজে হাত দিয়েছে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে তথাকথিত পরমাণু হুমকির জিগির তুলে তেহরানের ওপর মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের পথ প্রস্তুত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
