দক্ষিণ ইরাকের আল-কাদিসিয়াহ বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের পাঠদান থেকে পুরুষ শিক্ষকদের বাদ দেওয়ার প্রশাসনের এক সিদ্ধান্তের বিরুদ্ধে গত দুই সপ্তাহ ধরে শত শত ছাত্রী বিক্ষোভ করছেন।
নারী শিক্ষার্থীদের পুরুষ শিক্ষকদের ক্লাস থেকে সরিয়ে নেওয়ার এই পদক্ষেপকে লিঙ্গভিত্তিক পৃথকীকরণ নীতি হিসেবে অভিহিত করে তীব্র সমালোচনা করেছেন অধিকারকর্মীরা। আয়োজকদের হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বপ্রস্তুতি ছাড়াই এবারের এই ক্যাম্পাসের বিক্ষোভে প্রায় চারশ নারী শিক্ষার্থী অংশ নেন।
শিক্ষার্থী ও শিক্ষকদের মেলামেশা রোধ করার উদ্দেশ্যেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারী শিক্ষার্থীদের পরিবারের সদস্যদের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তাদের ভাষ্য।
তবে গত শুক্রবার এই যুক্তি সরাসরি প্রত্যাখ্যান করেন বিক্ষোভরত ছাত্রীরা। তারা জানান, ভর্তির সময়ই তাদের পরিবার জানত যে এই প্রতিষ্ঠানে পুরুষ শিক্ষকরা পাঠদান করেন। আর বর্তমান এই বিক্ষোভের পেছনেও তাদের পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে।
বিক্ষোভকারী ছাত্রীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ তাদের আন্দোলন নিয়ে উপহাস করেছে এবং তাদের ক্ষোভ নিরসনে সম্পূর্ণ অনীহা প্রকাশ করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ভাষ্যকারও ছাত্রীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন যে তারা অনৈতিক উদ্দেশ্যে পুরুষ শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে চান।
বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় নেতৃত্বের মুখোমুখি হওয়ার একটি ঘটনার বর্ণনা দেন ২২ বছর বয়সী ছাত্রী হুদা। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট রাহি আল-ইয়াসিরি তার দেহরক্ষীদের নিয়ে তাদের পথ আটকে দাঁড়ান এবং ছাত্রীদের ভয় দেখানোর উদ্দেশ্যে তাদের মুখমণ্ডলের ছবি তোলার নির্দেশ দেন।
ছাত্রীদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত থেকে সরে আসতে অস্বীকৃতি জানান বলে জানান হুদা। তিনি স্মরণ করেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, ছাত্রীরা মাথা দেওয়ালে ঠুকে ফেললেও বরখাস্ত করা শিক্ষকদের আর পুনর্বহাল করা হবে না।
শিক্ষার্থীরা জানান, তাদের অনেকেই গ্র্যাজুয়েশন প্রজেক্ট ও গবেষণার কাজের জন্য এই নির্দিষ্ট তত্ত্বাবধায়কদের ওপর দীর্ঘদিন ধরে নির্ভর করে আসছিলেন। শিক্ষাজীবনের এই শেষ প্রান্তে এসে পরিচিত একাডেমিক উপদেষ্টাদের হঠাৎ পরিবর্তন করায় তাদের পড়াশোনায় মারাত্মক জটিলতা তৈরি হয়েছে। এমনকি অসন্তুষ্ট ছাত্রীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়াশোনা ছেড়ে দেওয়ার পরামর্শও দিয়েছে।
কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ইরাকি-ব্রিটিশ নারীবাদী গবেষক বালসাম মুস্তফা বলেন, শিক্ষা কার্যক্রমকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার কোনো মৌলিক অধিকার এই ছাত্রীদের দেওয়া হচ্ছে না এবং তাদের সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের মতো আচরণ করা হচ্ছে।
ইরাকি আইনজীবী ও মানবাধিকারকর্মী ইসরা সালমান ক্যাম্পাসের এই নতুন বিধিনিষেধগুলোকে একটি সামাজিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করে বলেন, এই নীতির মূল লক্ষ্য হলো নারীদের কণ্ঠরোধ করা এবং ইরাকি সমাজকে তালেবানি আমলের কাবুলের মতো এক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া, যা দেশের সংবিধান এবং আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী।
