যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে এখনো একটি ন্যায়সংগত কূটনৈতিক সমাধান সম্ভব বলে বিশ্বাস করে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার জানান, নিজেদের ভূখণ্ডে সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার বিষয়ে কোনো আপস করবে না তেহরান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন তেহরানের সঙ্গে একটি প্রকৃত সমঝোতা চায়। উপসাগরীয় অঞ্চলে শত্রুতা ছড়িয়ে পড়ার পর থেকেই আঞ্চলিক উত্তেজনা বহুগুণ বেড়ে গেছে।
ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে আরাকচি জানান মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা বিনিময় অব্যাহত রেখেছে তেহরান। আরেকটি যুদ্ধ এড়াতে একটি চুক্তির সন্ধান করছে তারা।
আবাস আরাকচি বলেন কূটনীতির ওপর তাদের আশা এখনো রয়েছে। ওয়াশিংটন আলোচনার বিষয়ে আসলেই আন্তরিক কি না, সে বিষয়ে তেহরান নিশ্চয়তা চায় বলেও যোগ করেন তিনি।
মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনায় আস্থার সংকট কাটানোর পদক্ষেপগুলোর রূপ ও প্রকৃতি নিয়েও কথা হয়েছে। আরাকচি উল্লেখ করেন ইরানের মূল লাল রেখা হলো দেশের ভেতরেই সমৃদ্ধ ইউরেনিয়াম বজায় রাখা।
ট্রাম্প সাংবাদিকদের জানান ইরান একটি চুক্তি চাচ্ছে, তবে ওয়াশিংটন যেটিকে গ্রহণযোগ্য মনে করবে তেমনটি নয়। সামরিক পদক্ষেপের পথ খোলা রেখেই তিনি আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর পছন্দ পুনর্ব্যক্ত করেন।
শুক্রবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তারা কোনো ভুয়া চুক্তি নয়, বরং একটি আসল চুক্তি করতে চান। মার্কিন প্রেসিডেন্ট কখনো পারমাণবিক বিরোধ মীমাংসার আগ্রহ প্রকাশ করছেন, আবার কখনো দাবি করছেন যে এই প্রতিপক্ষের সঙ্গে ওয়াশিংটের কোনো চুক্তির প্রয়োজন নেই।
ছড়িয়ে পড়া শত্রুতার মাঝেই কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার গত বৃহস্পতিবার বার্লিনে কাতারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন যাতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার মধ্যস্থতা প্রচেষ্টা নিয়ে আলোচনা করা যায়।
ট্রাম্প সাংবাদিকদের জানান নতুন বছর শুরু না হওয়া পর্যন্ত তিনি এই যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। মার্কিন হামলার জবাবে উপসাগরীয় প্রতিবেশীদের ওপর হামলা বাড়িয়ে দিয়েছে ইরান। কুয়েতে একটি মার্কিন বিমান ঘাঁটিতে আঘাত হানার পাশাপাশি বাহরাইনেও বেশ কয়েকটি হামলা চালিয়েছে তারা।
হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজেও হামলা জোরদার করেছে তেহরান। মার্কিন সুরক্ষাপ্রাপ্ত নৌপথ ব্যবহারকারী জাহাজগুলো এই হামলার শিকার হওয়ায় আঞ্চলিক নিরাপত্তা ও সামুদ্রিক চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভেতরে পারমাণবিক উপাদানযুক্ত বিস্ফোরক বিস্ফোরণের কথিত ইরানি চক্রান্ত সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন ওয়াশিংটন তা হতে দেবে না। তিনি বলেন ইরানে যা ঘটছে সে বিষয়ে তাদের প্রচুর তথ্য রয়েছে।
