বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

গাজায় বিমান হামলা

ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত চার: চিকিৎসকদের তথ্য

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৫, ২০২৬, ০৮:৩০ পিএম

ইসরায়েলি বিমান হামলায় শিশুসহ নিহত চার: চিকিৎসকদের তথ্য

মধ্য ও দক্ষিণ গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় শিশুসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় চিকিৎসাসূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

দাইর আল বালাহ অঞ্চলের আল আকসা শহীদ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, আজ-জাওয়াইদার পশ্চিমে বাস্তুচ্যুত মানুষের একটি তাবুতে ইসরায়েলি ড্রোনের হামলায় সাতাশ বছর বয়সী আব্দুল রহিম ওয়ালিদ মাতার ভোরে নিহত হন। একই এলাকায় আরেকটি ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।

খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স জানিয়েছে, সামরিক নিয়ন্ত্রণের বাইরের একটি এলাকায় ইসরায়েলি গুলিতে এক নারী নিহত এবং দুইজন আহত হয়েছেন। খান ইউনিসের পূর্ব দিকের বাসিন্দারা জানান, নিয়ন্ত্রিত এলাকায় বেশ কিছু বাড়ি ও বেসামরিক স্থাপনা উড়িয়ে দেওয়ার সময় দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আল আওদা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি স্নাইপারের গুলিতে ঘটনাস্থলেই একটি শিশু নিহত হয়েছে। দাইর আল বালাহ থেকে প্রাপ্ত মাঠপর্যায়ের প্রতিবেদনে দেখা গেছে, পূর্ব বুরেজে বাড়িঘর ও তাবুর ওপর সরাসরি গুলিবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। তাবুতে বসে থাকা এক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে অস্ত্রোপচার করা হয়।

দাইর আল বালাহের আল বারাকা এলাকায় স্থানীয় লোকজনের একটি জমায়েত লক্ষ্য করেও ড্রোন থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন আহত হন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তর গাজার আল শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল কারামা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ড্রোন আঘাত হানলে এক ফিলিস্তিনি আহত হন। একই সময়ে গাজা সিটির পূর্বাঞ্চলে ভারী কামান হামলা চালায় ইসরায়েলি বাহিনী এবং উপকূলীয় এলাকা লক্ষ্য করে নৌবাহিনীর জাহাজ থেকেও গুলিবর্ষণ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মাগাজি শিবিরের পূর্বে হুসনি আল মুসাদ্দার মসজিদের আশপাশে ভারী গুলিবর্ষণ করে ইসরায়েলি সামরিক যান। সেখানে একটি ড্রোন থেকে বোমা ফেলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আল মুসাদ্দার ও দাইর আল বালাহের পূর্ব প্রান্তে সেনারা আরও এগিয়ে এসে বাড়িঘর ও কৃষিজমি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮ জনে দাঁড়িয়েছে এবং আহতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭৫ হাজার ৯২০ জনে।

banner
Link copied!