বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গাজায় ঝড় ও সংকট

ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় তাঁবু: গাজায় প্রাণঘাতী পরিস্থিতিতে হাজার হাজার মানুষ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১১, ২০২৬, ১১:৩০ এএম

ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় তাঁবু: গাজায় প্রাণঘাতী পরিস্থিতিতে হাজার হাজার মানুষ

প্রবল ঝড়ের কবলে পড়ে গাজার হাজার হাজার ফিলিস্তিনির তাঁবু পানিতে তলিয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে, বর্তমানে দেড় লাখ নতুন আশ্রয়শিবির গাজার বাইরে আটকে আছে এবং প্রবেশের জন্য ইসরায়েলি অনুমোদনের অপেক্ষা করছে।

গত সপ্তাহের শেষদিকে ভারি বৃষ্টি ও বাতাসের কারণে ভঙ্গুর ও ছিদ্রযুক্ত তাঁবু ভেঙে কমপক্ষে চার ফিলিস্তিনি শিশু ও এক নারী নিহত হয়েছেন। হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন এবং ধ্বংস হয়ে যাওয়া পয়োনিষ্কাশন ব্যবস্থার কারণে সরাসরি মানুষের বসবাসের জায়গায় সুয়ারেজের পানি উপচে পড়ছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনি রায়েদ জামাল বলেন, আমাদের সব পোশাক ভিজে গেছে। আমার সন্তানরা সবাই অসুস্থ এবং তাদের জন্য নতুন পোশাক কেনার সামর্থ্য আমার নেই। ঠান্ডার মধ্যে তাদের কষ্ট দেখতে পাওয়া অত্যন্ত হৃদয়বিদারক। তাঁবুর ছাদের ছিদ্র দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির পানি জম করতে তিনি সারা রাত হাঁড়ি ব্যবহার করেছেন।

ত্রাণকর্মীরা সতর্ক করে বলেছেন, পরিবারগুলোকে দ্রুত নতুন আশ্রয়শিবির ও গরম রাখার ব্যবস্থা সরবরাহ না করা হলে রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়বে। যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা মেডিকেল এইড ফর ফিলিস্তিনস পরিবারগুলোর প্লাবিত তাঁবুতে আটকে থাকায় ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

গাজায় ওই সংস্থার যোগাযোগ কর্মকর্তা মাই এলাওয়াউদা বলেন, আমাদের মেডিকেল টিমগুলোর আশঙ্কা যে ঠান্ডা, আর্দ্র ও জনাকীর্ণ পরিবেশের কারণে শ্বাসকষ্টজনিত রোগ এবং অন্যান্য স্বাস্থ্য জটিলতা বাড়বে। আমরা আশঙ্কা করছি যে গত শীতের মতো এবারও আরও শিশু হাইপোথার্মিয়ায় মারা যেতে পারে।

জাতিসংঘ জানিয়েছে, গাজার ৯ লাখ ৪০ হাজার মানুষ ভারি বৃষ্টির হাত থেকে সুরক্ষাহীন ও অস্থায়ী তাঁবুতে এমন সব উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন, যেখানে প্লাবনের আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে ঝড়ো পানির পাম্পিং সুবিধাগুলো সচল না থাকায় প্লাবনের হুমকি আরও তীব্র হয়ে উঠেছে।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা শেলটারবক্স জানিয়েছে, তারা সাধারণত যে জরুরি তাঁবুগুলো সরবরাহ করে থাকে, সেগুলো প্রায় দুই বছর ধরে গাজার বাইরে অপেক্ষায় রয়েছে। টারপলিন ও কাঠের প্যালেট ব্যবহার করে তাঁবুগুলো জোড়াতালি দিতে বাধ্য হয়েছে সংস্থাটি, যদিও এমনকি এই সামগ্রীগুলোও তীব্র নিষেধাজ্ঞার মুখে পড়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার পানিতে এক শিশু ডুবে মারা গেছে এবং একটি বালিয়াড়ি তাদের তাঁবুর ওপর ধসে পড়লে কমপক্ষে তিন শিশু ও তাদের মা নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বৃষ্টির পর ২৬ হাজার পরিবার সহায়তার আবেদন করেছে এবং কমপক্ষে ৩,৯০০ পরিবার পুরোপুরি আশ্রয়হীন অবস্থায় রয়েছে।

দ্বৈত ব্যবহারের সামগ্রীর ওপর অব্যাহত নিষেধাজ্ঞা এবং সীমান্ত পারাপারে দীর্ঘসূত্রতার কারণে পরিস্থিতি গত শীতকালের চেয়ে একচুলও ভালো নয়। কাউন্সিল ফর আরব ব্রিটিশ আন্ডারস্ট্যান্ডিং জরুরি ত্রাণসামগ্রী এই অঞ্চলে প্রবেশে অনুমতি দিতে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

ইসরায়েল গত সপ্তাহে গাজায় ১০ হাজার তাঁবু প্রবেশের অনুমতি দেওয়ার দাবি করেছে, তবে জাতিসংঘের মতে, আশ্রয় সহায়তার প্রয়োজন এমন প্রায় ৯৪ শতাংশ মানুষের বাসস্থানের ব্যবস্থা করতে ১ লাখ ৫০ হাজার তাঁবু প্রয়োজন।

banner
Link copied!