স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় দুই ভাইসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চিকিৎসকরা জানান, গাজা সিটির একটি আবাসিক ভবনের ছাদে ইসরায়েলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত হন। নিকটবর্তী শেখ রাদওয়ান এলাকায় পৃথক আরেকটি হামলায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে অবস্থানরত মাহমুদ ও জামিল আল-আবসি নামের দুই ভাই প্রাণ হারান।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উভয় এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে এই অভিযানগুলো সম্পর্কে তারা আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
বুধবার গাজা সিটির সাবরা এলাকার বাসিন্দারা একটি ধাতব ঢালাই কারখানা এবং এর আশেপাশের তাঁবুর ধ্বংসস্তূপ পরিদর্শন করেন। মঙ্গলবারের এক বিমান হামলায় ওই স্থানে তিনজন নিহত হন, যার ফলে কারখানাটি ধ্বংস হয়ে যায় এবং চারপাশের তাঁবুগুলোতে আগুন ধরে যায়।
দুই সন্তানের ৩২ বছর বয়সী বাস্তুচ্যুত পিতা হিশাম আবদু ক্ষয়ক্ষতির বর্ণনা দিয়ে বলেন, আমরা এসে তাঁবুগুলোতে তিন মিটার উঁচুতে আগুন দেখতে পাই। আমার নিজের কোনো জামাকাপড় নেই, আমার বাচ্চাদের কোনো জামাকাপড় নেই এবং আমার স্ত্রীরও কোনো জামাকাপড় নেই। সমস্ত কাপড় পুরোপুরি পুড়ে গেছে।
আবদু তার মেয়ের সাথে একটি কথোপকথনের কথাও উল্লেখ করে বলেন, আল্লাহর কসম, আমার মেয়ে যখন আমার সাথে কথা বলছিল, তখন আমার বুক ভেঙে গিয়েছিল। সে বলেছিল, বাবা, আমার খেলনাগুলো কোথায়? আমি তাকে বলেছিলাম, মা আলহামদুলিল্লাহ, ওগুলো পুড়ে গেছে।
সাবরা এলাকার এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।
গত বছর মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতিতে গাজার পুনর্গঠনের কথা বলা হলেও সেটির অগ্রগতি অত্যন্ত সামান্য। হামাসের অস্ত্র সমর্পণ বা ইসরায়েলের সেনা প্রত্যাহারের শর্ত নিয়ে এখনো কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি আলোচকরা। বর্তমানে উপত্যকাটির প্রায় তিন ভাগের দুই ভাগ অংশ ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং এই এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল বাসিন্দাদের।
ইসরায়েলের দাবি, হামাস পুনরায় সংগঠিত হওয়ার এবং তাদের অস্ত্রাগার সমৃদ্ধ করার চেষ্টা করছে। অন্যদিকে হামাস জানিয়েছে যে তারা যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ইসরায়েল এটি ভঙ্গের চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছে।
উপত্যকার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে চারজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে প্রায় ১,২০০ মানুষকে হত্যার পর এই সামরিক অভিযান শুরু হয়।
