দখলকৃত পশ্চিম তীরে অবস্থিত অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন ও আর্থিক কার্যক্রম নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে একটি নতুন বিল সামনে এনেছেন ফরাসি সংসদ সদস্যরা।
সোশ্যালিস্ট পার্টির প্রথম সচিব অলিভিয়ের ফোর এই বিলটি উত্থাপন করেন। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের আট শতাধিক আইনপ্রণেতা এই পদক্ষেপে সমর্থন জানান।
সংসদের একটি কমিটি ইতিমধ্যে প্রস্তাবিত এই খসড়াটি অনুমোদন করেছে। এতে পশ্চিম তীরের ইসরায়েলি বসতিগুলো থেকে আসা পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে এসব বসতির সঙ্গে জড়িত যেকোনো ধরনের আর্থিক ও বাণিজ্যিক লেনদেনও নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
আগামী ১৯ নভেম্বর জাতীয় পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে বিলটি ভোটের জন্য তোলার সময় নির্ধারণ করা হয়েছে।
প্রস্তাবিত এই আইনে বসতিগুলোর স্থায়িত্ব টিকিয়ে রাখতে সহায়তাকারী আর্থিক সেবাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে ওই এলাকার ভেতরের পর্যটন সম্পত্তি ভাড়া দেওয়ার কার্যক্রম বন্ধ করার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
এই উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অলিভিয়ের ফোর জানান যে এই পদক্ষেপটি সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে নেওয়া হয়নি।
সরকারি নীতির মধ্যে থাকা একটি বড় অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি। ফোর যুক্তি দেখান যে একদিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বসতিগুলোর কূটনৈতিক নিন্দা জানানো এবং অন্যদিকে তাদের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখা সম্পূর্ণ পরস্পরবিরোধী। এই বিলটি সেই সমস্যারই সমাধান করবে বলে তিনি মন্তব্য করেন।
আইনের প্রস্তাবনা অনুযায়ী, যেসব কোম্পানি এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নিয়ম ভঙ্গকারী ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের জন্য কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রাখা হয়েছে এতে।
তবে আইন হিসেবে পাস হতে হলে এই প্রক্রিয়াকে আরও কয়েকটি ধাপ পার হতে হবে। বিলটিকে চূড়ান্ত আইনে রূপ দিতে হলে জাতীয় পরিষদ এবং সিনেট উভয়কেই একই রকম পাঠে একমত হতে হবে।
গত মঙ্গলবার তিনটি ইসরায়েলি মানবাধিকার সংস্থা জানিয়েছে যে ইসরায়েল সরকার আগামী ১ ডিসেম্বর থেকে পূর্ব জেরুজালেমের পূর্বে অবস্থিত ইওয়ান অঞ্চলের ২ হাজার ১৬৭টি অবৈধ বসতি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করতে যাচ্ছে।
ইর আমিম, বিমকম এবং পিস নাও নামের সংস্থাগুলো জানায় যে কর্তৃপক্ষ আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত দরপত্র গ্রহণ করবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন যে এই প্রকল্প এগিয়ে নিতে বদ্ধপরিকর, এই সময়সূচি তারই স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছে ওই সংগঠনগুলো।
ইওয়ান উন্নয়ন পরিকল্পনাটি অঞ্চলের ভৌগোলিক ধারাবাহিকতার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দখলকৃত পূর্ব জেরুজালেম তার পূর্বের ফিলিস্তিনি জনপদগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং পশ্চিম তীরের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যকার ভূখণ্ডগত সংযোগও নষ্ট হবে।
ইওয়ান পরিকল্পনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। বিশ্বের বিভিন্ন দেশের সরকার বারবার সতর্ক করে বলেছে যে এই আবাসন প্রকল্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
