বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

গাজায় শীতকালীন সংকট

গাজায় তীব্র শীত ও ঝড়ে অসুস্থতা এবং ঘরহারা মানুষের কষ্ট বৃদ্ধি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০২:৩০ এএম

গাজায় তীব্র শীত ও ঝড়ে অসুস্থতা এবং ঘরহারা মানুষের কষ্ট বৃদ্ধি

মায়সা ইউসুফ মধ্য গাজায় তার বোমা হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ির কাঁচবিহীন জান্নালাগুলো প্লাস্টিক দিয়ে ঢাকতে ৫০০ শেকেল বা প্রায় ১৬০ মার্কিন ডলার খরচ করেছিলেন। কিন্তু এর ভেতরেও পানি চুইয়ে পড়তে থাকে এবং পাশের গোলাবর্ষণের কারণে জানালার কাঠামোও আলগা হয়ে যায়। এতে তাকে আবারও প্লাস্টিক শিট এবং টেপ খুঁজতে হয়, যা ইতিমধ্যে বাজারে শেষ হয়ে গিয়েছিল।

বসার ঘরটি বসবাসের অনুপযোগী থাকায় ইউসুফের পরিবারের পাঁচ সদস্য এখন একটিমাত্র ঘরে গাদাগাদি করে বসবাস করছেন। ভেঙে যাওয়া জানালা এবং দুমড়ে-মুচড়ে যাওয়া দরজাগুলো তাদের সরাসরি বাইরের প্রতিকূল আবহাওয়ার মুখে ফেলে দিয়েছে। তবুও যেসব দেওয়ালে পানি চেকে পড়ে, এমন একটি ঘর থাকার ভাগ্যকে তিনি এখনো সৌভাগ্য বলে মনে করছেন।

গত শুক্রবার গাজাজুড়ে সাপ্তাহিক ছুটির দিনের ঝড় হাজার হাজার ফিলিস্তিনিকে প্লাবিত বা ক্ষতিগ্রস্ত তাঁবুতে রাত কাটাতে বাধ্য করে। সাহায্যকারী সংস্থাগুলো জানিয়েছে যে প্রায় দেড় লাখ নতুন আশ্রয়শিবির ইসরায়েলি অনুমোদনের অপেক্ষায় গাজার বাইরে আটকে রয়েছে।

বৃষ্টি ও তীব্র বাতাসের আঘাতে অস্থায়ী তাঁবুগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় একজন নারী এবং অন্তত চার শিশু প্রাণ হারিয়েছেন। বন্যার পানি ড্রেনের ময়লা ও বর্জ্যসহ তাঁবুগুলোতে ঢুকে পড়ে, যার ফলে বিছানাপত্র এবং খাদ্যসামগ্রী সম্পূর্ণ ভিজে নষ্ট হয়ে যায়।

জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর ওসিএইচএ জানিয়েছে যে এই ঝড়ে ছয় হাজারের বেশি পারিবারিক আশ্রয়শিবির সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ১৭ হাজার ৪০০টি আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের টানে তাঁবু উড়ে গেছে, পানি হাঁটুসমান উচ্চতায় পৌঁছেছে এবং শুকনো খাবার ও খাদ্যভান্ডার তলিয়ে গেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব আগনেস ক্যালামার্ড বলেছেন যে ইসরায়েল কর্তৃক জীবনধারণের জন্য জরুরি অবকাঠামো ধ্বংস করার কারণে ফিলিস্তিন পরিবারগুলো চরম শীতের আবহাওয়া, তীব্র বাতাস এবং প্লাবিত অস্থায়ী তাঁবুগুলোর মধ্যে অরক্ষিত অবস্থায় দিন কাটাচ্ছে।

যুক্তরাষ্ট্রের উদ্যোগে গঠিত পিস বোর্ড জানিয়েছে যে শীতকালীন সামগ্রী গাজায় প্রবেশ করতে ইসরায়েলিদের দীর্ঘসূত্রিতা একটি অনুমেয় মানবিক চ্যালেঞ্জের পরিণতিকে আরও গুরুতর করে তুলেছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই দায় অস্বীকার করেছেন এবং হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকার করেছে ও ত্রাণসামগ্রী সামরিক কাজে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছেন।

চিকিৎসকরা সতর্ক করে বলেছেন যে অপর্যাপ্ত আশ্রয়, গাদাগাদি পরিবেশ এবং অনিরাপদ পানির কারণে প্রতিরোধযোগ্য রোগব্যাধি মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। মেদগ্লোবালের গাজার দেশীয় প্রতিনিধি ডা. সালওয়া আল-তিবি বর্তমান স্বাস্থ্য পরিস্থিতিকে একটি ভয়াবহ বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন।

মেদগ্লোবাল সাম্প্রতিক মাসগুলোতে প্রতিদিন প্রায় ১২৫টি শ্বাসতন্ত্রের সংক্রমণের ঘটনা রেকর্ড করেছে। এর পাশাপাশি প্রতিদিন ৭০ থেকে ৮০টি তীব্র ডায়রিয়া ও অন্যান্য পানিজনিত রোগ এবং প্রায় ২০টি চর্মরোগ ও সংক্রমণের ঘটনা পাওয়া গেছে। ডা. আল-তিবি জানান যে এসব রোগের প্রধান কারণ মূলত অনিরাপদ পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে গাজার সব ৩৬টি হাসপাতাল এবং অধিকাংশ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসিএইচএ জানিয়েছে যে এই অঞ্চলের ৯৪ শতাংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র সম্পূর্ণ বা আংশিকভাবে অচল হয়ে পড়েছে।

এই গভীর সংকটের মধ্যেও চিকিৎসাকেন্দ্রগুলো আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। ইউসুফ বর্ণনা করেন কীভাবে তার স্বামীর এক ভাতিজা একটি মসজিদের উঠানে পা ভেঙে গুরুতর জখম হলেও চিকিৎসা সামগ্রী ও জনবলের সংকটের কারণে হাসপাতালগুলো তাকে জরুরি চিকিৎসা দিতে পারেনি।

banner
Link copied!