গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভয়াবহ বৃষ্টির কারণে বাস্তুচ্যুত লাখ লাখ মানুষ চরম জলাবদ্ধতার মুখে পড়ার পর জাতিসংঘ জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবুর আবেদন জানানোর সময় এই সহিংসতার ঘটনা ঘটে।
,গাজা শহরের দক্ষিণে আল-সাবরা এলাকায় চালানো এক বিমান হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আল-দাশ নিহত হয়েছেন। মধ্যাঞ্চলীয় আল-বুরেজ ক্যাম্পের পূর্বে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন আরও এক বেসামরিক নাগরিক। এছাড়া গাজা শহরের উত্তর-পশ্চিমে আল-নাসর এলাকায় একটি পৃথক ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারিয়েছেন।
,গাজা শহরের উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত পরিবারের আশ্রিত একটি তাঁবুতে হামলা চালালে দুই ফিলিস্তিনি নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, আল-জালা সড়কের ওপর তাঁবুতে আশ্রয় নেওয়া আল-আবসি পরিবারের দুই সহোদর এই হামলায় নিহত হন।
,জাতিসংঘের সংস্থাগুলো সতর্ক করে জানিয়েছে যে গত সপ্তাহের ছুটির দিনের ভারী বৃষ্টিতে উপত্যকার অন্তত ৭০ হাজার তাঁবু প্লাবিত হয়েছে। ইউনিসেফ জানিয়েছে, এই বর্ষণ সরাসরি অন্তত এক লাখ ছয় হাজার মানুষকে প্রভাবিত করেছে, যার ফলে হাজার হাজার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ডুবে গেছে এবং ক্যাম্পগুলোতে শৌচাগারের বর্জ্য উপচে পড়েছে।
,জরুরি ত্রাণ প্রবেশে ইসরায়েলি নিষেধাজ্ঞার কারণে স্থানীয় ও বেসরকারি সংস্থাগুলোর এই জরুরি পরিস্থিতি মোকাবিলার মতো সামর্থ্য নেই। জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক সাংবাদিকদের জানিয়েছেন যে ত্রাণ সামগ্রী ভেতরে আনতে তহবিলের পাশাপাশি ইসরায়েলি অনুমতির প্রয়োজন হয়।
,মানবিক সহায়তা বিষয়ক জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল টম ফ্লেচার জানান, ত্রাণ সরবরাহে সহায়তাকারী নির্দিষ্ট কিছু দেশ দাবি করেছে যে একটি ইসরায়েলি সরকার গঠিত না হওয়া পর্যন্ত অগ্রগতি কঠিন হবে। ফ্লেচার আন্তর্জাতিক আইন এবং দীর্ঘসূত্রতা ও অবরোধের মারাত্মক পরিণতির কথা উল্লেখ করে এই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।
,বন্যার পর অবিলম্বে সহায়তা প্রদানের জন্য ইতালি ৫০ লাখ ইউরো বা প্রায় ৫৫ লাখ মার্কিন ডলারের সমমূল্যের নতুন একটি জরুরি উদ্যোগের ঘোষণা দিয়েছে। বুধবার ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি এই তহবিল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
,ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে চিকিৎসা সূত্র জানিয়েছে যে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সর্বমোট নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও এক লাখ ৭৬ হাজার সাতজন। কর্মকর্তারা আরও জানান, ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত এক হাজার ৬২২ জন ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।
