দক্ষিণ গাজার একটি চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ছয়জন নিহত এবং আনুমানিক কুড়িজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
,খান ইউনিসের পশ্চিমে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সের একটি ভবন লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয় এবং আহত কুড়ির বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়।
,গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল হতাহতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি সাংবাদিকদের জানান। নাসের হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারাও সামরিক অভিযানে ছয়জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
,এই ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানান যে তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং তথ্য সংগ্রহ করছেন।
,২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর চলমান সহিংসতার অংশ হিসেবেই এই হামলা ঘটে। এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের অভিযানের মধ্য দিয়ে দুই বছরব্যাপী যুদ্ধ শুরু হয়েছিল।
,২০২৫ সালের যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের জন্য ইসরায়েল ও হামাস পরস্পরকে দায়ী করে আসছে।
,এর আগে স্থানীয় জরুরি পরিষেবা জানায় যে গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর হামলায় তেরো বছর বয়সী এক বালকসহ সাতজন নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে যে ওই অভিযানগুলোতে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
,গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এ পর্যন্ত দেড় হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের মতে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এই পরিসংখ্যান নির্ভরযোগ্য।
,এদিকে একই সময়ের মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী সাত সেনা এবং একজন বেসামরিক ঠিকাদারের মৃত্যুর কথা স্বীকার করেছে।
