বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জাতিসংঘ প্রাকৃতিক সম্পদ

ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের সার্বভৌমত্ব: জাতিসংঘের কমিটির স্বীকৃতি

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১২, ২০২৬, ০৪:০০ পিএম

ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের সার্বভৌমত্ব: জাতিসংঘের কমিটির স্বীকৃতি

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড এবং দখলকৃত সিরীয় গোলানের আরব জনগোষ্ঠীর প্রাকৃতিক সম্পদের ওপর তাদের স্থায়ী সার্বভৌমত্ব পুনর্ব্যক্ত করে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি কমিটি। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার বরাতে এ তথ্য জানা গেছে।

অর্থনৈতিক ও আর্থিক বিষয়াদি দেখভালের দায়িত্বে থাকা দ্বিতীয় কমিটি জি-৭৭ এবং চীনের উত্থাপনের পর প্রস্তাবটি অনুমোদন করে। ভোটাভুটিতে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রসহ ১৫১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।

অন্যদিকে প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে মাত্র সাতটি দেশ। বিরোধিতাকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, কলম্বিয়া, প্যারাগুয়ে, পালাউ, নাউরু এবং মাইক্রোনেশিয়া। এছাড়া ভোটদানে বিরত ছিল আরও ১১টি দেশ।

এর আগের বছর একই কমিটি ১৫২টি পক্ষে, আটটি বিপক্ষে এবং ১২টি বিরত থাকার ভোটের মাধ্যমে অনুরূপ একটি প্রস্তাব অনুমোদন করেছিল। বর্তমান প্রস্তাবটি এখন আনুষ্ঠানিক অনুমোদনের জন্য ১৯৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ সাধারণ পরিষদে উপস্থাপিত হবে এবং আগামী ডিসেম্বরে এটি পাস হতে পারে বলে আশা করা হচ্ছে।

সাধারণ পরিষদের প্রস্তাবগুলো আইনগতভাবে বাধ্যতামূলক নয়। ফলে মাঠপর্যায়ে এই ভোটের কোনো সরাসরি প্রভাব না থাকলেও, এই উদ্যোগের মধ্য দিয়ে ফিলিস্তিন সংকট ও দখলদারিত্বের প্রশ্নে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক আন্তর্জাতিক ঐকমত্যের বহিঃপ্রকাশ ঘটেছে।

এই প্রস্তাবটি দখলদারিত্ব এবং বসতি সম্প্রসারণের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন রাষ্ট্র ও অধিকারকর্মীদের আইনি ভিত্তি প্রদান করে। এতে প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং এসব সম্পদের শোষণ বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি দাবি জানানো হয়েছে।

প্রস্তাবে বলা হয়েছে, এই শোষণের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ইসরায়েলি বসতি, পৃথকীকরণ প্রাচীর এবং অন্যান্য নানা পদক্ষেপের কারণে ফিলিস্তিনের পরিবেশ মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

নথিতে নির্দিষ্ট করে বলা হয়েছে যে, যুদ্ধকালীন সময়ে বেসামরিক লোকজনের সুরক্ষা সম্পর্কিত চতুর্থ জিনোভা কনভেনশন পূর্ব জেরুজালেমসহ দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য। একই সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির প্রয়োগের কথাও এতে তুলে ধরা হয়েছে।

দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি নীতি ও কার্যক্রমের আইনি পরিণতি সম্পর্কে ২০২৪ সালের ১৯ জুলাই আন্তর্জাতিক বিচার আদালতের জারি করা উপদেষ্টা মতামতের কথা এই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সেখানে ইসরায়েলের অব্যাহত উপস্থিতির অবৈধতার বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে এবং পশ্চিম তীরের পৃথকীকরণ প্রাচীর নিয়ে আদালতের ২০০৪ সালের উপদেষ্টা মতামতের প্রসঙ্গও টানা হয়েছে।

প্রস্তাবটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২৩৩৪ নম্বর প্রস্তাবের পুনর্নিশ্চিত করা হয়েছে। ওই প্রস্তাবে সব দেশকে ইসরায়েলি ভূখণ্ড এবং ১৯৬৭ সাল থেকে দখলকৃত ভূমির মধ্যে পার্থক্য বজায় রাখার আহ্বান জানানো হয়েছিল।

জাতিসংঘে ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রিয়াদ মনসুর বলেছেন, এই অপ্রতিরোধ্য ভোট ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের পক্ষে দৃঢ় আন্তর্জাতিক সমর্থনের বহিঃপ্রকাশ। ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, তিনি যেসব দেশ পক্ষে ভোট দিয়েছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

banner
Link copied!