ফর্মেুলা ওয়ান চালক লুইস হ্যামিল্টন গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। গত মঙ্গলবার তিনি এই পরিস্থিতিকে গত তিন বছর ধরে চলা এক মর্মান্তিক গণহত্যা হিসেবে অভিহিত করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই ব্রিটিশ চালক ফিলিস্তিনিদের স্বাধীনতা, নিরাপত্তা ও মর্যাদার সুপরিকল্পিত অস্বীকৃতির সমালোচনা করেন। তিনি লেখেন, কোনো মানুষের সঙ্গেই এমন আচরণ করা উচিত নয় যার অর্থ দাঁড়ায় অন্যদের তুলনায় তাদের জীবনের কোনো মূল্য নেই।
গত মঙ্গলবার মিশরে পৌঁছে রাফা ক্রসিংয়ের মিশরীয় দিকটি পরিদর্শন করেন হ্যামিল্টন। এই সফরের সময় তিনি আল আরিশে অবস্থিত মিশরীয় রেড ক্রিসেন্টের ত্রাণ গুদামগুলোও ঘুরে দেখেন।
ত্রাণকর্মীরা অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে পাঠানোর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তার প্রস্তুতি এবং সমন্বয় সংক্রান্ত বিষয়গুলো ফেরারি দলের এই চালককে অবহিত করেন।
হ্যামিল্টন জানান, ফিলিস্তিনিদের আটকে রাখার জন্য মাইলের পর মাইল প্রতিবন্ধক নির্মাণ করা হয়েছে। নিজের চোখে এই উন্মুক্ত কারাগার দেখার পর তার তীব্র ইচ্ছে হচ্ছিল ভেতরে প্রবেশ করে সাহায্য করার।
তার ভাষ্যমতে, খাবারের ট্রাকগুলো লাইনে দাঁড়িয়ে গাজায় প্রবেশের জন্য প্রস্তুত থাকলেও সীমান্তে সেগুলোকে নিয়মিত বাধা দেওয়া হয় অথবা দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। তিনি এমন একজন চালকের সঙ্গে কথা বলেন যিনি ইতিমধ্যেই ১২ ঘণ্টার বেশি সময় ধরে অপেক্ষা করছেন।
নিকটবর্তী একটি লজিস্টিক সেন্টারে ত্রাণকর্মীদের নিষ্ঠার প্রশংসা করেন হ্যামিল্টন। তিনি বলেন, তুচ্ছ ও অদ্ভুত সব অজুহাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রায়ই আটকে দেওয়া হয়।
আটকে দেওয়া এসব সরঞ্জামের মধ্যে রয়েছে স্লিপিং ব্যাগ, ফার্স্ট এইড কিট, চিকিৎসা সরঞ্জাম, হুইলচেয়ার এবং শিশুদের জন্য তৈরি ফুটবল।
যুদ্ধবিরতির শর্ত মেনে কোনো অজুহাত ছাড়াই ত্রাণবাহী ট্রাকগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানান হ্যামিল্টন। একই সঙ্গে ফিলিস্তিনিদের কষ্ট নিয়ে বিশ্ববাসীর মনোযোগ বজায় রাখতে এবং অসহায়ত্বকে সুনির্দিষ্ট পদক্ষেপে রূপ দেওয়ার অনুরোধ জানান তিনি।
তিনি স্বীকার করেন যে বহু মানুষই একই ধরনের অসহায়ত্ব বোধ করেন এবং কেবল দর্শক হয়ে না থেকে কিছু একটা করার তাগিদ অনুভব করেন। তিনি চান মানুষ যেন এই দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে না যায় কিংবা চোখ ফিরিয়ে না নেয়।
