গাজায় অবিলম্বে দেড় লাখ তাঁবু ও জরুরি ত্রাণ সামগ্রী প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে একটি যৌথ বিবৃতি জারি করেছে অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্য। অবরোধের শিকার এই উপত্যকায় ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছে হাড়কাঁপানো শীতের আবহাওয়া।
চলতি শীতের প্রথম ঝড়ের কারণে সৃষ্ট সাম্প্রতিক বন্যা বেসামরিক নাগরিকদের দুর্ভোগকে আরও মারাত্মক করে তুলেছে। সীমান্ত নিষেধাজ্ঞার কারণে চরমভাবে প্রয়োজনীয় আশ্রয়সামগ্রী ও ত্রাণের সরবরাহ এখনো আটকে রয়েছে।
মন্ত্রীদের ভাষ্যমতে, আরও খারাপ আবহাওয়া শুরু হওয়ার আগেই এই সংকট পুরোপুরি সমাধান করা সম্ভব। দেরি হওয়ার আগেই সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে এবং মানবিক কার্যক্রম ও প্রাথমিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় দ্বৈত ব্যবহারের সামগ্রীগুলো প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান তারা।
ভারী বৃষ্টিপাতের ফলে গাজাব্যাপী অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলো প্লাবিত হয়েছে, যার ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো সরাসরি ঠান্ডার মুখোমুখি হচ্ছে। মাঠপর্যায়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে বলে উল্লেখ করেন শীর্ষ এই কূটনীতিকেরা।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় জানিয়েছে যে বন্যায় দুই লাখের বেশি ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে বর্তমান পরিস্থিতিতে নয় লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত মানুষ বন্যাপ্রবণ এলাকায় বসবাস করছেন।
সব পক্ষকে যুদ্ধবিরতি সম্মান করার এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন কূটনীতিকেরা। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে সহায়তা পৌঁছে দিতে গাজার জন্য গৃহীত সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের তাগিদও দিয়েছেন তারা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে এক হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এর মধ্য দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়ে গেছে এবং এর ফলে সেখানকার অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়ে গেছে।
