সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় শীতকালীন ত্রাণ

গাজায় জরুরি ত্রাণ ও তাঁবু প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি চার দেশের আহ্বান

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৬, ২০২৬, ০৪:৩০ এএম

গাজায় জরুরি ত্রাণ ও তাঁবু প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি চার দেশের আহ্বান

অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি এবং যুক্তরাজ্য সোমবার ইসরায়েলকে গাজায় মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার জন্য জোরালো তাগিদ দিয়েছে। চার দেশের পক্ষ থেকে বলা হয়েছে, সেখানকার বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় ও ভয়াবহ।

চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে শীতের শুরুতেই সীমান্তে আটকে থাকা দেড় লাখ তাঁবু এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সামগ্রী গাজায় ঢোকার সুযোগ করে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান। সাম্প্রতিক আকস্মিক বন্যা মানুষের দুর্ভোগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং এটি শীত মৌসুমের প্রথম ঝড় মাত্র। গাজার মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন নিরাপদ আশ্রয় ও মানবিক সহায়তা।

মন্ত্রীরা উল্লেখ করেছেন, পরিস্থিতি এখনো সম্পূর্ণ বদলানো সম্ভব। তারা ইসরায়েল সরকারকে সব ধরনের বিলম্ব বন্ধ করতে এবং পুরো গাজায় দ্রুত ও নির্বিঘ্নে মানবিক সাহায্য পৌঁছানোর পথ সুগম করার অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, সীমান্ত ক্রসিংগুলো খুলে দিতে হবে এবং তাঁবুগুলো ভেতরে প্রবেশের অনুমতি দিতে হবে। মানবিক কার্যক্রম ও প্রাথমিক পুনর্বাসনের জন্য জরুরি দ্বৈত ব্যবহারের পণ্যগুলোকেও প্রবেশের ছাড়পত্র দিতে হবে।

গত সপ্তাহে আঘাত হানা প্রাণঘাতী ঝড়ের পর গাজার হাজার হাজার ফিলিস্তিনি পানমগ্ন ও ক্ষতিগ্রস্ত তাঁবুতে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। আরও হাজার হাজার মানুষ কোনো ধরনের মাথা গোঁজার ঠাঁই ছাড়াই দিন কাটাচ্ছেন, পাশাপাশি ধ্বংস হয়ে গেছে পয়োনিষ্কাশন ব্যবস্থাও।

ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় ভঙ্গুর ও জীর্ণ তাঁবুগুলো উড়ে যাওয়ায় অন্তত চার ফিলিস্তিনি নারী ও শিশু প্রাণ হারিয়েছেন।

অস্ট্রেলিয়ার মন্ত্রী ম্যাডেলিন কিং সোমবার এবিসি রেডিওকে জানান, এই যৌথ বিবৃতি তৈরিতে চারটি দেশ একসঙ্গে কাজ করেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষেরা যাতে প্রয়োজনীয় সহায়তা পায়, তা নিশ্চিত করতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এদিকে অস্ট্রেলিয়ার গ্রিনস দলের নেতা ও পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র ডেভিড শুব্রিজ বলেছেন, সরকারের কঠোর শব্দচয়ণ বা মৌখিক নিন্দা কোনো কাজেই আসবে না। সরকারের আরও সুনির্দিষ্ট ও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দেন তিনি।

শুব্রিজ জানান, ইসরায়েল সরকার অতীতে কখনো কথার তোয়াক্কা করেনি এবং এবারও করবে না। তিনি যুদ্ধকালীন মন্ত্রিসভার ওপর নিষেধাজ্ঞা আরোপ, অস্ত্র ব্যবসা বন্ধ এবং অন্যান্য দেশের মতো অবৈধ বসতিগুলোর ওপর নিষেধাজ্ঞা জারির মতো বাস্তবসম্মত পদক্ষেপের দাবি জানান।

শুব্রিজ আরও বলেন, অবৈধ ইসরায়েলি বসতি থেকে আমদানির ওপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে যুক্তরাজ্যসহ অন্যান্য মিত্রদের উদ্যোগে অস্ট্রেলিয়া অতীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছিল। বাস্তবসম্মত পদক্ষেপের সময় অস্ট্রেলিয়া বরাবরই পিছু হটেছে।

পররাষ্ট্রমন্ত্রীরা সব পক্ষকে গাজার জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন, যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন, যাতে সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া নিশ্চিত করা যায়।

banner
Link copied!