সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় সামরিক হামলা

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩: চিকিৎসকদের তথ্য

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ১৬, ২০২৬, ০৬:৩০ এএম

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩: চিকিৎসকদের তথ্য

মঙ্গলবার গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তা ও চিকিৎসকেরা এই তথ্য নিশ্চিত করেছেন। রাফার উত্তর-পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় মুআবিয়া মসজিদের কাছে একটি ড্রোন হামলা চালানো হয়।

এই হামলায় আহমেদ সাইদ ফাতি আবেদীন ও মোয়াতাজ হাজ্জি নিহত হন। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। গাজার সীমান্ত কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাটি অর্থনীতি মন্ত্রণালয়ের একটি পোস্টে চালানো হয়।

কেরেম শলোম সীমান্ত দিয়ে গাজায় প্রবেশকারী পণ্যের ট্রাক পর্যবেক্ষণের কাজে ওই পোস্টটি ব্যবহার করা হতো। হামলায় নিহত ৩৪ বছর বয়সী আবেদীন ওই সাইটেই কর্মরত ছিলেন।

গত বছরের ২৮ অক্টোবর একই স্থানে হামলা চালানো হয়েছিল। সে সময় ছয়জন সরকারি কর্মচারী নিহত হন। গাজার সরকারি গণমাধ্যম অফিস জানায়, পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান রোধে কাজ করছিলেন ওই কর্মীরা।

এদিকে গাজা সিটিতে আগের একটি ইসরায়েলি হামলায় আহত ২৮ বছর বয়সী আবদুল্লাহ মাজন হাসৌনা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আল-জালা স্ট্রিটে বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ওই হামলা চালানো হয়েছিল।

খাঁন ইউনুসের আল-সাতর আল-ঘরবি এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া গাজা সিটির পূর্বে অবিরাম কামান হামলা এবং উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।

জাবালিয়ায় বাস্তুচ্যুতদের তাঁবু ও বাড়ি লক্ষ্য করে ভারী গুলিবর্ষণ করেছে ইসরায়েলি সামরিক যান ও কোয়াডকপ্টার ড্রোন। মধ্য গাজার প্রত্যক্ষদর্শীরা জানান, সালাহ আল-দিন রোডের ওয়াদি গাজা ব্রিজের কাছে বিস্ফোরকভর্তি বাক্স ফেলে শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি ড্রোন।

যুদ্ধবিরতি চুক্তির পরও ইসরায়েলি অব্যাহত হামলায় শনিবার পর্যন্ত ১ হাজার ৬৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৯৬৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করেছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের অধিক মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

চলমান সামরিক অভিযান এই অঞ্চলের প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। গাজার মোট পুনর্নির্মাণ ব্যয় প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অনুমান করছে জাতিসংঘ।

banner
Link copied!