চলমান ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় বাইশ হাজারের বেশি ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনির পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতি বছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হওয়ার প্রাক্কালে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়।
ফিলিস্তিনি শিশুদের সুরক্ষা দিতে এবং লঙ্ঘনের সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। এই শিশুদের রক্ষা করা আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা যা কোনোভাবেই পিছিয়ে দেওয়া যায় না।
নিহতের পাশাপাশি এগারো হাজারের বেশি আহত শিশু গুরুতর জখমের শিকার হয়েছে যার ফলে তাদের স্থায়ী অক্ষমতা, বিকৃতি এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যগত জটিলতা তৈরি হয়েছে। এছাড়া এক বা উভয় পিতামাতাকে হারিয়ে এতিম হয়েছে একাত্তর হাজারের বেশি শিশু।
উপত্যকাটির ভেতরে প্রায় আট লাখ শিশু বাস্তুচ্যুত হয়ে রয়েছে যাদের অনেকেরই নিরাপদ আশ্রয়, স্থিতিশীলতা বা মৌলিক প্রয়োজনগুলোর কোনোটিই নেই। এই পরিসংখ্যান কেবল মানবীয় ক্ষয়ক্ষতির মাত্রাকেই ছাড়িয়ে যায়নি, বরং ফিলিস্তিনি সমাজের টিকে থাকার ক্ষমতা এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে।
পূর্ব জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরে গত তিন বছরে ইসরায়েলি সামরিক অভিযান এবং বসতিস্থাপনকারীদের হামলায় দুই শ তেপান্নর বেশি শিশু নিহত হয়েছে। একই সময়ে আহত হয়েছে আরও দুই হাজার এক শ ছিয়াশিতর বেশি শিশু।
পশ্চিম তীরে আটক করা হয়েছে সাড়ে তিন শ-র বেশি শিশুকে। এর মধ্যে বহু অপ্রাপ্তবয়স্ক শিশু কোনো ধরনের অভিযোগ বা বিচার ছাড়াই প্রশাসনিক আটকাধীন অবস্থায় ইসরায়েলি কারাগারে বন্দি রয়েছে।
ইসরায়েলি বাহিনী ও দখলদারদের বিভিন্ন পদক্ষেপের কারণে শিশুদের হত্যা, আঘাত, নির্বিচারে আটক এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা আরও তীব্র হয়েছে। অধিকৃত অঞ্চলে শিশুদের বিরুদ্ধে ধারাবাহিক এই লঙ্ঘন আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনি ও মানবিক প্রতিশ্রুতির প্রতি এক বড় চ্যালেঞ্জ।
ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে, সহিংসতা ও বসতিস্থাপনকারীদের আক্রমণ বন্ধ করতে এবং শিশুদের কার্যকর আন্তর্জাতিক সুরক্ষা প্রদানে অবিলম্বে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়, জাতিসংঘ ও এর সংস্থাসমূহ, মানবিক সংগঠন এবং জেনেভা কনভেনশনের উচ্চ স্বাক্ষরকারী পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
২০২৩ সালের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় যুদ্ধ চালিয়ে আসছে ইসরায়েল, যার ফলে চুাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পঁচাত্তর হাজারের বেশি আহত হয়েছেন। এই হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু এবং উপত্যকার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে পশ্চিম তীরে অভিযান, গ্রেপ্তার, বাড়িঘর ভাঙচুর, বাস্তুুচ্যুতি এবং বসতি সম্প্রসারণের মাধ্যমে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী ও বসতিস্থাপনকারীরা।
