বিশ্ব শিশু দিবস পালনের প্রাক্কালে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সুরক্ষার দাবি জানিয়েছে বাস্তুচ্যুত শিশুরা। গত মঙ্গলবার গাজার একটি বিদ্যালয় প্রাঙ্গণে এক সংহতি সমাবেশে অংশ নেয় তারা।
বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য তৈরি তাবুর পাশের ওই বিদ্যালয়টিতে এই আয়োজন করা হয়। মূলত শিশুদের ওপর চলমান সংঘাতের মানবিক, মানসিক ও শিক্ষাগত ক্ষয়ক্ষতি সবার সামনে তুলে ধরাই ছিল এর উদ্দেশ্য।
বিদ্যালয় প্রাঙ্গণে ফিলিস্তিন ও তুরস্কের জাতীয় পতাকার পাশাপাশি তুর্কি মানবিক সহায়তা সংস্থার ব্যানার ঝুলছিল। এ সময় শিশুদের পরনে ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি এমব্রয়ডারি করা পোশাক, কেফিয়াহ এবং স্কুল ইউনিফর্ম।
সমাবেশে শিশুরা বিভিন্ন ভাষায় লেখা প্ল্যাকার্ড ও নিজেদের আঁকা ছবি প্রদর্শন করে। তাদের এসব বার্তায় সুরক্ষা, শিক্ষার অধিকার, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবনের দাবি জানানো হয়।
অনুষ্ঠানমালায় ছিল সংক্ষিপ্ত বক্তৃতা, গান ও নানা পরিবেশনা। এই মঞ্চটিকে ব্যবহার করে বিশ্ববাসীকে তাদের পাশে দাঁড়ানোর এবং তাদের বঞ্চনার কথা স্মরণের আহ্বান জানায় শিশুরা।
ফিলিস্তিনি শিক্ষার্থী মারিয়া দাহের সাংবাদিকদের জানান, তুর্কি স্কুলে শত শত শিশু পড়াশোনা করে এবং তারা আশপাশের তাঁবুতেই বসবাস করে। অনাহার ও শৈত্যপ্রবাহের শিকার বঞ্চিত এই শিশুরা বর্তমান বাস্তবতার কথা বিশ্ববাসীকে জানাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
মারিয়া দাহের বলেন, গাজার শিশুরা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও একটি মর্যাদাপূর্ণ জীবন চায়। বিশ্ব শিশু দিবসে দয়া করে আমাদের ভুলে যাবেন না।
ফিলিস্তিনি শিক্ষক নাহলা শেহাব জানান, কাছাকাছি তাঁবুগুলোতে থাকা শত শত বাস্তুচ্যুত শিশু এই সমাবেশে অংশ নিয়েছে। গত তিন বছর ধরে এই শিশুরা বোমাবর্ষণ, ক্ষুধা, ভয় এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার মতো চরম পরিস্থিতির মধ্য দিয়ে গেছে বলে জানান তিনি।
নাহলা শেহাব বলেন, আজ এই শিশুরা আশার চোখে বিশ্বের দিকে তাকিয়ে আছে, স্বাধীনতার সূর্য ও উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশা করছে। তারা আশা করে, একদিন বিশ্ব তাদের অধিকারের প্রতি নজর দেবে।
প্রতিবছর ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালিত হয়। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২১ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও হাজার হাজার শিশু।
এই সংঘাতে মোট হতাহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজারেরও বেশি মানুষ, যাদের অধিকাংশই নারী ও শিশু। পাশাপাশি উপত্যকার অবকাঠামোর প্রায় ৯০ শতাংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
