গত ৩ নভেম্বর গাজা সিটির কাছে একটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনে দ্রুত ছুটে যান ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে সে সময় তাদের কোনো অগ্নিনির্বাপণ ইঞ্জিন বা সচল গাড়ি ছিল না। বাধ্য হয়ে জরুরি সরঞ্জাম হাতে নিয়ে পায়ে হেঁটে ঘটনাস্থলের দিকে রওনা হন তারা।
আল-কাত্তান সেন্টারের কাছে একটি ইসরায়েলি হামলার খবর পেয়ে সেখানে ছুটে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন সিভিল ডিফেন্সের মাঠ কর্মকর্তা আবদুল্লাহ আল-মাজদলাবি। পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছাতে তাদের প্রায় ১০ মিনিট সময় লেগেছিল। পরে ভারী সরঞ্জাম বহনের পাশাপাশি আহতদের পিঠে করে এবং একটি মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন তারা।
আল-মাজদলাবি জানান, জরুরি যানবাহনগুলোর করুণ দশার কারণে দ্রুত মানুষের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। দক্ষিণ গাজা সিটির সাবরা এলাকায় অন্য আরেকটি বিমান হামলার পর উদ্ধারকাজের সময় তাদের ব্যবহার করা গাড়িটি হঠাৎ নষ্ট হয়ে যায়। ফলে সেখানে পৌঁছাতে দেরি হওয়ায় কয়েকজন মারা যান এবং অনেকে গুরুতর আহত হন।
এর আগে ২০২৪ সালের এক অভিযানে সিভিল ডিফেন্সের কর্মীদের সরঞ্জাম বহনের জন্য গাধার গাড়ির ওপর নির্ভর করতে হয়েছিল। গাজা গভর্নরেটের একমাত্র উদ্ধারকারী গাড়িটি দুই দশকের পুরোনো একটি টয়োটা হিলাক্স পিকআপ ভ্যান। যুদ্ধের তীব্র চাপ ও দীর্ঘ ব্যবহারের কারণে সেটিও গত কয়েক সপ্তাহ ধরে পুরোপুরি অচল হয়ে পড়ে আছে।
যথাযথ মেরামতের সুযোগ না থাকায় কর্মীরা অনেক সময় আটা দিয়ে গাড়ির চাকার ফুটো বন্ধ করার চেষ্টা করেছেন। গাড়িটি ঠিকঠাক চালাতে এখন একটি পাওয়ার স্টিয়ারিং পাম্প, নতুন চাকা, টার্বো সিস্টেম এবং রাতের অভিযানের জন্য কার্যকরী হেডলাইট প্রয়োজন।
গাজা সিটির সিভিল ডিফেন্সের পরিচালক রােদ আল-দহশান জানান, তাদের বিভাগের প্রায় পঁচাশি শতাংশ গাড়িই এখন সম্পূর্ণ অচল। পুরো উপত্যকায় মোটে পনেরো শতাংশ গাড়ি সচল রয়েছে। এর মধ্যে অনেকগুলো গাড়িই ফিলিস্তিনি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বছর অর্থাৎ ১৯৯৪ সাল থেকে সেবা দিয়ে আসছে।
আন্তর্জাতিক অগ্নিনির্বাপণ নির্দেশিকা অনুযায়ী সামনের সারির ফায়ার ইঞ্জিনগুলো ১৫ থেকে ২০ বছর ব্যবহারের পর বদলে ফেলা উচিত। স্থানীয় কারখানায় সক্ষমতার অভাব এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানির পথ বন্ধ থাকায় এসব গাড়ি মেরামত করা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
বিভাগের রক্ষণাবেক্ষণশালার কর্মকর্তা আবদ আল-ফাত্তাহ আল-নিমরা জানান, যন্ত্রাংশের প্রবেশাধিকার বন্ধ থাকায় মেকানিকরা বাধ্য হয়ে জোড়াতালি দিয়ে কাজ চালাচ্ছেন। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞার কারণে ইঞ্জিন অয়েল ও খুচরা যন্ত্রাংশ গাজায় প্রবেশ করতে না পারায় পুরো গাড়িবহরটি অচল হয়ে পড়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দফতর গত মে মাসের এক প্রতিবেদনে সতর্ক করে বলেছিল, ইঞ্জিন ওয়েল ও খুচরা যন্ত্রাংশের ওপর এই নিষেধাজ্ঞা মানবিক কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করছে। এর ফলে অসংখ্য গাড়ি এমনভাবে নষ্ট হচ্ছে যা আর কখনোই সারাই করা সম্ভব নয়।
এদিকে শীতকাল শুরু হওয়ায় ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া ক্ষতিগ্রস্ত ভবনগুলোকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা। গত নভেম্বরের শুরুর দিকেই ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি ভবন ধেয়ে পড়ে এবং বাস্তুচ্যুতদের আশ্রয়শিবরগুলো প্লাবিত হয়। ফলে ফোন কলের মাধ্যমে মৌখিক নির্দেশনা দিয়েই অধিকাংশ জরুরি পরিস্থিতি সামাল দিতে হচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীদের।
