শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ লেবানন

দক্ষিণ লেবাননে হাজার হাজার ইসরায়েলি গোলাবর্ষণের রেকর্ড: জানাল ইউনিফিল

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২১, ২০২৬, ০৫:০০ এএম

দক্ষিণ লেবাননে হাজার হাজার ইসরায়েলি গোলাবর্ষণের রেকর্ড: জানাল ইউনিফিল

দক্ষিণ লেবাননজুড়ে গত অক্টোবর মাস জুড়ে ইসরায়েলি লঙ্ঘন অব্যাহত ছিল বলে জানিয়েছে লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী ইউনিফিল। সামরিক এসব পদক্ষেপের মধ্যে ছিল বিভিন্ন শহর ও গ্রামে চালানো আর্টিলারি গোলাবর্ষণ এবং বিমান হামলা।

জাতিসংঘ নিউজের তথ্য অনুযায়ী, শান্তিরক্ষীরা ওই মাসে ইসরায়েলের ছোঁড়া ২,৮৪০টি আর্টিলারি গোলা নথিবদ্ধ করেছে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১৭ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ৮৭০টি আকাশসীমা লঙ্ঘন এবং ৯০টি বিমান হামলার ঘটনাও রেকর্ড করেছে মিশনটি।

শান্তিরক্ষী মিশন জানিয়েছে যে দক্ষিণ লেবাননের কিছু অংশে ইসরায়েলি দখলদার বাহিনী এখনো অবস্থান করছে। আবাসিক বাড়িঘর এবং স্থানীয় বেসামরিক অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে বাস্তুচ্যুত বাসিন্দারা নিজেদের বাড়িতে ফিরতে পারছেন না।

এই সহিংসতার কারণে মারাত্মক মানবিক ও মানসিক সংকট তৈরি হয়েছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদের ওপর। নিরাপত্তা চ্যালেঞ্জের মাঝেই শান্তিরক্ষী বাহিনীর অপারেশনাল এলাকার ভেতরের স্কুলগুলো কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে।

ইউনিফিলের মুখপাত্র ক্যান্ডিস আর্ডেল তিবনিন শহরের একটি পাবলিক ইন্টারমিডিয়েট স্কুল পরিদর্শন করেন এবং বিস্ফোরক দ্রব্য সম্পর্কে সচেতনতামূলক সেশনে অংশ নেন। সেই সময় তার মাথার ওপর দিয়ে ড্রোন উড়ে যাওয়ার শব্দ এবং দূরে বিস্ফোরণের আওয়াজ শোনা যায়।

আর্ডেল স্কুলের প্রধান শিক্ষকের বরাতে জানান যে যুদ্ধবিমানের শব্দ শুনলেই শিশুরা ভয় পায় এবং শিউরে ওঠে। শিক্ষার্থীদের ভয় ও আতঙ্ক দূর করতে শিক্ষকরা হাততালি দিয়ে এবং গান গেয়ে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

অপারেশনাল নানা বাধা সত্ত্বেও ইউনিফিল পুনর্ব্যক্ত করেছে যে তাদের শান্তিরক্ষীরা নিজেদের দায়িত্ব পালন করে যাবেন। মিশনের বর্তমান মেয়াদের শেষ সপ্তাহগুলোর জন্য মূল অগ্রাধিকারগুলোও তুলে ধরেছে তারা।

এই অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করা, নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে যোগাযোগের চ্যানেল খোলা রাখা। পাশাপাশি উত্তেজনা কমানো এবং দক্ষিণ লেবাননজুড়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠায় লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা করার লক্ষ্যও রয়েছে এই বাহিনীর।

আর্ডেল বলেন, আমাদের মেন্ডেট বহাল রয়েছে এবং শেষ দিন পর্যন্ত আমাদের শান্তিরক্ষীরা পূর্ণ মাত্রায় তাদের দায়িত্ব পালন করে যাবেন।

১৯৭৮ সাল থেকে দক্ষিণ লেবাননে নিজেদের অবস্থান বজায় রেখেছে ইউনিফিল এবং বর্তমানে প্রায় ৫০টি দেশ থেকে আসা প্রায় ৭,৫০০ জন কর্মী এতে যুক্ত আছেন। ২০২৬ সালের শেষ পর্যন্ত এই মিশনের মেয়াদ বাড়ানোর জন্য ২০২৫ সালের আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২৭৯০ নম্বর প্রস্তাব গ্রহণ করে।

এই প্রস্তাব অনুযায়ী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে মিশনটির প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে এবং পুরো বছর জুড়েই এই প্রক্রিয়া চলতে থাকবে।

banner
Link copied!