জেরুজালেমের ঐতিহাসিক পুরনো শহরে জবরদখল করা একটি ফিলিস্তিনি বাড়ি দুই কোটি ডলার মূল্যে বিক্রির জন্য বাজারে তোলা হয়েছে। গত মঙ্গলবার আঞ্চলিক কর্তৃপক্ষের পক্ষ থেকে এই পদক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়।
গভর্নরেট জানিয়েছে, সম্পত্তিটি বিক্রির জন্য উন্মুক্ত করার মাধ্যমে সেটির অবৈধ অধিগ্রহণ বৈধতা পায় না। ফিলিস্তিনি মালিকদের আইনি মালিকানা এবং তা পুনরুদ্ধারের অধিকার বহাল রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গভর্নরেটের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ সক্রিয়ভাবে সহজ করে দিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ওই বাড়িগুলো জবরদখলকারীদের সুরক্ষাও প্রদান করেছে।
বিক্রির এই তালিকাটি ফিলিস্তিনিদের বাসাবাড়িকে লক্ষ্যবস্তু করার একটি বৃহত্তর কাঠামোগত প্রবণতার চিত্র তুলে ধরে। খালি করে ফেলা এই সম্পত্তিগুলো বাণিজ্যিক বাজারে তোলার আগে পরিবারগুলোকে জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হতে হয়েছে।
বাজেয়াপ্ত করা এসব ভবন চড়া দামে পুনর্বিক্রি করার মাধ্যমে অবৈধ বসতি সম্প্রসারণের জন্য তহবিল সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে জবরদখলকৃত বাড়িগুলো আর্থিক সম্পদে পরিণত হয়, যা বসতি স্থাপন কার্যক্রমকে টিকিয়ে রাখে।
মসজিদুল আকসার দিকে যাওয়ার প্রধান পথগুলোর আশপাশে দখল করা সম্পত্তিগুলো একটি কৌশলগত উদ্দেশ্যে ব্যবহৃত হয়। গভর্নররেট সতর্ক করে জানিয়েছে, এই দখলের ফলে কর্তৃপক্ষ পবিত্র এই স্থানের চারপাশের ভূখণ্ডগত নিয়ন্ত্রণ আরও জোরদার করতে সক্ষম হয়েছে।
এই পদক্ষেপগুলো পুরনো শহরের জনমিতি এবং ঐতিহাসিক বৈশিষ্ট্য পরিবর্তনের জন্য তৈরি একটি নীতির অংশ। পুরনো শহর ও মসজিদুল আকসা সংবলিত পূর্ব জেরুজালেম একটি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই অঞ্চলের চরিত্র, জনসংখ্যা বা আইনি মর্যাদা পরিবর্তনের জন্য ইসরায়েলের গৃহীত যেকোনো পদক্ষেপ অবৈধ। জাতিসংঘ মানবাধিকার পরিষদ ২০২৫ সালের এপ্রিল মাসে এক প্রস্তাব পাস করে দখলদার শক্তির সমস্ত বেআইনি কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার দাবি জানায়।
জাতিসংঘের ওই প্রস্তাবে বসতি সম্প্রসারণ, বাড়ি ভাঙচুর এবং পূর্ব জেরুজালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের আবাসন অনুমতি বাতিল করার প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানানো হয়।
