একটি নতুন মিসাইল লঞ্চার উন্মোচন করেছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, শনিবার শীর্ষ সামরিক কমান্ডাররা ইসলামিক প্রজাতন্ত্রের সক্ষমতার কথা তুলে ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন।
একযোগে দুটি তরল জ্বালানির মিসাইল নিক্ষেপ করতে সক্ষম এমন একটি লঞ্চার এই প্রথম প্রকাশ্যে আনা হলো। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে রেভল্যুশনারি গার্ডসের প্রধান আহমেদ ওয়াহিদি এবং মহাকাশ বাহিনীর প্রধান মজিদ মুসাভিকে একটি ভূগর্ভস্থ মিসাইল কারখানা পরিদর্শন করতে দেখা যায়।
মিসাইল, লঞ্চার ও অন্যান্য সামরিক সরঞ্জামে সজ্জিত দীর্ঘ সুড়ঙ্গের ভেতর দিয়ে একটি যানে চড়ে ঘুরে বেড়ান দুই শীর্ষ কমান্ডার। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই এই নতুন সামরিক সরঞ্জামের উন্মোচন করা হলো।
চলতি যুদ্ধ শুরু হয় গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মিসাইল ও ড্রোন হামলা চালায় ইরান।
লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও এই সংঘাতে জড়িয়ে পড়ে। যুদ্ধের সবচেয়ে তীব্রতম পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের মিসাইল সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় এবং পারমাণবিক স্থাপনাসমূহ আবারও লক্ষ্যবস্তুতে পরিণত হয়, যদিও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো স্পষ্ট নয়।
রেভল্যুশনারি গার্ডসের প্রধান আহমেদ ওয়াহিদি বলেন, আমাদের শত্রু যে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তা কেবল শুরু মাত্র। আমরা তাদের চরম অপদস্থ হতে দেখব। ইরানের সামরিক বাহিনীর আদর্শিক শাখা হিসেবে দায়িত্ব পালন করছে এই বাহিনী।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে মজিদ মুসাভি জানান, বিগত দুটি সংঘাতে আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমাদের উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন অস্ত্রশস্ত্র শত্রুকে আতঙ্কিত করতে সক্ষম।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং বিভিন্ন লঞ্চার সজ্জিত নতুন একটি ভূগর্ভস্থ মিসাইল ঘাঁটির সন্ধান দিয়েছিল ইরান।
