দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন ফিলিস্তিনি গ্রামে বসতি স্থাপনকারীদের সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সম্ভাব্য প্রধানমন্ত্রী পদের প্রার্থী ও শীর্ষ রাজনৈতিক নেতা গাদি আইজেনকোট।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট গত রাতের এই হামলাগুলোকে প্রতিটি অর্থে ইহুদি সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেছেন। তিনি এই এলাকার অবনতিশীল পরিস্থিতির জন্য সরাসরি সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের দায়ী করেন।
আইজেনকোট তার পোস্টে উল্লেখ করেন যে জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মেট্রিকের পদক্ষেপের কারণে পশ্চিম তীর অঞ্চলটি চরম অরাজকতার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
এই ক্রমবর্ধমান সহিংসতা রোধ করতে তিনি ইসরায়েলি সরকার এবং নিরাপত্তা সংস্থাকে তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করার আহ্বান জানান।
এর মধ্যে দাঙ্গাবাজদের থামাতে প্রশাসনিক আটকাদেশ এবং অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সুনির্দিষ্ট অভিযান পরিচালনা এবং তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়।
সরকারি হিসাব অনুযায়ী দখলকৃত পূর্ব জেরুজালেমসহ সমগ্র পশ্চিম তীরে প্রায় ৭ লাখ ৫০ হাজার বসতি স্থাপনকারী ১৫৬টি অবৈধ বসতি এবং ৩৬০টি আউটেপোস্টে বসবাস করছেন।
ফিলিস্তিনি কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশনের সংগৃহীত তথ্য অনুযায়ী কেবল অক্টোবর মাসেই ইসরায়েলি সেনাবাহিনী এবং বসতি স্থাপনকারীরা ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে।
একই তথ্যে আরও জানানো হয় যে এই লঙ্ঘনগুলোর মধ্যে ১ হাজার ৭৬৪টি ঘটনার সঙ্গে সেনাবাহিনী জড়িত এবং ১ হাজার ৩৬৯টি ঘটনা ঘটিয়েছে বসতি স্থাপনকারীরা।
সর্বশেষ এই হামলাগুলো পুরো পশ্চিম তীরজুড়ে ফিলিস্তিনি ও তাদের সম্পত্তির ওপর ইসরায়েলি সামরিক বাহিনী এবং বসতি স্থাপনকারীদের হামলার ধারাবাহিক বৃদ্ধিরই একটি অংশ।
২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই হামলা ও সহিংসতার ঢেউ অব্যাহত রয়েছে।
