সুদানের রাজধানী খর্তুম এবং এর আশপাশের আবাসিক এলাকায় রবিবার ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন। এই হামলায় জাতিসংঘের একটি কার্যালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সংবাদমাধ্যম এবং জাতিসংঘের কর্মকর্তারা এই ভোরের হামলার জন্য আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ভোর দুইটা থেকে সাড়ে চারটার মধ্যে পুরো শহরে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরকারি স্থাপনা ও বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোনগুলো আঘাত হানার চেষ্টা করলে সুদানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে প্রতিহত করার চেষ্টা চালায়।
নীল নদের অপর পারে ওমডুমান থেকে আল জাজিরার প্রতিবেদক আলমিকদাদ আলরুহাইড জানান, উত্তর ওমডুমানের একটি আবাসিক বাড়িতে ড্রোন আঘাত হানলে তিনজন নিহত এবং নয়জন আহত হন। এছাড়া রাজধানীর দক্ষিণে আরেকটি হামলায় একটি শিশু প্রাণ হারিয়েছে।
খর্তুমের ৪৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত জেবেল আউলিয়া গ্রামের বাসিন্দারা ধ্বংসস্তূপের মধ্যে প্রিয়জনদের খুঁজতে থাকেন, যখন একটি ড্রোন স্থানীয় এক মসজিদ কর্মকর্তার বাড়িতে আঘাত হান। সুদানের জাতিসংঘের মানবিক সমন্বয়ক ডেনিস ব্রাউন রবিবার নিশ্চিত করেন যে, ভেতরে কর্মী থাকা অবস্থায় জাতিসংঘের একটি ভবন হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বেসামরিক এলাকায় কর্মরত কর্মীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় জাতিসংঘ মানবিক কার্যালয় তীব্র নিন্দা জানিয়েছে এবং এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। সুদানের সেনাবাহিনী সূত্রের দাবি, প্রতিবেশী ইথিওপিয়ার বাহির দার বিমানবন্দর থেকে চালকবিহীন এই ড্রোনগুলো উৎক্ষেপণ করা হয়েছিল, যদিও এর পক্ষে কোনো স্বাধীন সত্যতা পাওয়া যায়নি।
ইথিওপিয়া এর আগে খর্তুমের পক্ষ থেকে আসা এমন অভিযোগ অস্বীকার করেছিল যে তারা নিজেদের ভূখণ্ড ব্যবহার করে আধাসামরিক বাহিনীকে কার্যক্রম চালানোর অনুমতি দিচ্ছে। সীমান্ত পেরিয়ে পরিচালিত এসব কথিত কার্যক্রম নিয়ে সুদান ইতিমধ্যেই আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে।
রবিবার সুদানি সরকার আরও অভিযোগ করে যে, ইথিওপিয়া সীমান্তের কাছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ব্লু নাইল রাজ্যে আধাসামরিক যোদ্ধারা আটক সেনা সদস্যদের হত্যা করেছে। আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে এই কথিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে কর্তৃপক্ষ, তবে এই দাবিরও সত্যতা যাচাই করা যায়নি।
সুদানের দুই যুদ্ধরত পক্ষই তাদের প্রতিপক্ষের অবস্থান লক্ষ্য করে ক্রমবর্ধমান হারে ড্রোন ব্যবহার করছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ড্রোন হামলায় ১১০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।
ইউনিসেফ জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সুদানে শিশুদের হতাহতের প্রায় দুই-তৃতীয়াংশের জন্যই দায়ী ড্রোন হামলা। ২০২৩ সালের এপ্রিল মাসে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর মধ্যে এই গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং দেশের কিছু অংশে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে।
