রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান উত্তেজনা

ইরান সংঘাত মোকাবিলায় যৌথ সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ২২, ২০২৬, ০৬:৩০ পিএম

ইরান সংঘাত মোকাবিলায় যৌথ সামরিক পরিকল্পনা নিয়ে আলোচনা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের

ইরানের সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে যৌথ সামরিক পরিকল্পনা তৈরির বিষয়ে একমত হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলি চ্যানেল ১৩ জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে এসব পরিকল্পনা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী এবং যুদ্ধের সময়সীমা ঘনিয়ে আসছে বলে সতর্ক করা হয়েছে।

তবে চ্যানেলটিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপারের তেল আবিব সফরে ইরানের ওপর হামলার কোনো সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি। ইসরায়েলি নিরাপত্তা মূল্যায়নে বলা হয়েছে, ইরানের সঙ্গে নতুন কোনো সংঘর্ষ গত কয়েকদিনের তুলনায় আসন্ন নয়। সামরিক বাহিনীর সতর্কাবস্থা উঁচুতে থাকলেও তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি।

চ্যানেল ১৩ আরও জানিয়েছে, সেনাবাহিনীর মূল্যায়নে ইঙ্গিত মিলছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এবার ইরানের বিষয়ে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সামরিক হামলা চালানোর পর থেকেই মূলত এই উত্তেজনা তৈরি হয়। এর জবাবে তেহরান ইসরায়েল ও আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে।

গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং আলোচনা শুরু করে। হরমুজ প্রণালীতে চলাচল ও নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে সেই আলোচনা বিশেষ এগোয়নি এবং সংঘাত অবসানের কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও জুলাই মাসে ফের সংঘাত শুরু হয়।

গত বুধবার তেল আবিবে ইসরায়েলি সেনাপ্রধান এয়াল জামির এবং মোসাদ প্রধান রোমান গফমানের সঙ্গে বৈঠক করেন কুপার। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জামির ও কুপার যৌথভাবে পরিস্থিতির মূল্যায়ন করেছেন এবং আঞ্চলিক পরিস্থিতি ও অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন।

দুই দেশের কমান্ডার দুই বাহিনীর মধ্যে কৌশলগত ও অপারেশনাল সহযোগিতা গভীর করা, সমন্বয় জোরদার করা এবং বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতির জন্য যৌথ প্রস্তুতি বাড়ানোর বিষয়ে কথা বলেন। তবে ঠিক কোন কোন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বা বৈঠকে সরাসরি ইরান নিয়ে কথা হয়েছে কি না, সে বিষয়ে সেনাবাহিনী কিছু জানায়নি।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ অহোনোথ জানিয়েছে, বৈঠকটির মূল ফোকাস ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার আশঙ্কায় সামরিক প্রস্তুতি। এর আগে গত ১১ নভেম্বর ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানায় যে নিরাপত্তা মন্ত্রিসভা সম্ভাব্য হামলার প্রস্তুতি বাড়াতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য গফমানের যুক্তরাষ্ট্র সফরের কয়েকদিন পর এই ত্রিমুখী বৈঠক অনুষ্ঠিত হলো। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গফমান সিআইএ পরিচালক জন জন র্যাটক্লিফের সঙ্গে দেখা করে গোয়েন্দা মূল্যায়ন এবং ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

গাডি আইজেনকটের নেতৃত্বে ইসরায়েলের পরিবর্তন ব্লকের নেতারা কার্যনির্বাহী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধের দিকে দেশকে ঠেলে দেওয়ার অভিযোগ তুলেছেন। আইজেনকট ও তার সহযোগীরা দাবি করেছেন, নেতানিয়াহু জরুরি অবস্থা জারি করে তাকে অন্তর্ভুক্ত করে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করতে বাধ্য করার চেষ্টা করছেন, যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন।

দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে এবং দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড হতে পারে। এ ছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত ২০২৪ সাল থেকেই নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আসছে।

banner
Link copied!