সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত গালিবাফ

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : মে ২৫, ২০২৬, ০৭:৩১ পিএম

ইরানের পার্লামেন্টের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত গালিবাফ

ইরানের পার্লামেন্টের (মজলিস) স্পিকার হিসেবে টানা সপ্তমবারের মতো নির্বাচিত হয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংবেদনশীল কূটনৈতিক আলোচনায় গালিবাফ বর্তমানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।সোমবার পার্লামেন্ট অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার ভোটে তিনি এ পদে বহাল রইলেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান, রে, শেমিরানাত ও ইসলামশাহর অঞ্চলের এমপি গালিবাফকে স্পিকার হিসেবে নির্বাচনের পক্ষে অধিকাংশ সদস্য ভোট দিয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী ওসমান সালারি ও মোহাম্মদ তাঘি নাগদালি পর্যাপ্ত ভোট পেতে ব্যর্থ হন। একই অধিবেশনে আরদাবিলের এমপি আলী নিকজাদ এবং হামেদানের এমপি হামিদরেজা হাজিবাবাই যথাক্রমে প্রথম ও দ্বিতীয় ডেপুটি স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন।

ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস-এর সাবেক কমান্ডার গালিবাফ ২০২০ সাল থেকে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দেশটির জাতীয় পুলিশের প্রধান এবং ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকদের মতে, এবারের পুনর্নির্বাচনের মাধ্যমে ইরানের রাজনীতিতে গালিবাফের অবস্থান আরও সুসংহত হলো। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট ও পশ্চিমা শক্তির সঙ্গে কূটনৈতিক দরকষাকষিতে তিনি এখন অন্যতম নিয়ন্ত্রক শক্তি।

banner
Link copied!