আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ভারতের উত্তর প্রদেশে পশু কোরবানি এবং ঈদের নামাজের বিষয়ে কঠোর বিধিনিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিরাপত্তা ও প্রশাসনিক বিষয় পর্যালোচনার জন্য আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, খোলা জায়গায় বা জনসমাগমস্থলে কোরবানি করা যাবে না। একই সঙ্গে, রাস্তায় নামাজ আদায়ের ওপরও কড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।প্রশাসনিক কঠোরতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারি বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, ঈদের নামাজ শুধুমাত্র নির্ধারিত মসজিদ, ঈদগাহ বা ঐতিহ্যের ধারক স্থানগুলোতে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য রাস্তা বন্ধ করা যাবে না। পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে কোনো নতুন রীতির প্রথা চালু না করার বিষয়েও তিনি কর্মকর্তাদের সতর্ক করেছেন। কেবল পূর্বনির্ধারিত স্থানেই কোরবানি সম্পন্ন করতে হবে। গরু, উট বা আইনত নিষিদ্ধ কোনো পশু কোরবানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা বজায় রাখা হয়েছে।
অবৈধ কসাইখানা এবং খোলা স্থানে মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বৈধ কসাইখানাগুলোতে অতিরিক্ত পশু না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে ঘিরে রাজ্যের আলিগড়, বিজনোর, সাহারানপুর, রামপুর ও সম্ভলের মতো সংবেদনশীল জেলাগুলোতে নিরবচ্ছিন্ন পুলিশি টহল এবং বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো নাগরিক সুবিধা নিশ্চিত করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যেও বিজেপি সরকার ঈদুল আজহা উপলক্ষে কোরবানির নিয়মে নতুন বিধিনিষেধ আরোপ করেছে। সরকারের অনুমতি ছাড়া সেখানে গরু ও মহিষ জবাই নিষিদ্ধ করা হয়েছে এবং কেবল প্রশাসনের নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
