যুক্তরাজ্যের রাজনৈতিক দল রিফর্ম ইউকেতে অর্থায়ন সংক্রান্ত নতুন কেলেঙ্কারির জেরে দলের দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। চ্যানেল ফোর নিউজের একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্র সম্প্রচারের পর এই পদত্যাগের ঘটনা ঘটে, যা দলটিকে রাজনৈতিক সংকটের মুখে ফেলেছে।
পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে জেমস ওর এবং ড্যান জ্যুকস শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাদের পদ ছাড়ার ঘোষণা দেন। সম্প্রচারিত ওই অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয় যে, দলীয় অনুদানের নিয়ম লঙ্ঘন করে একটি বিদেশি কোম্পানির মাধ্যমে জনমত জরিপের অর্থায়নের ব্যবস্থা করা হয়েছিল।
প্রতিবেদনে আরও দেখানো হয়েছে যে, ড্যান জ্যুকস এক ছদ্মবেশী প্রতিবেদকের কাছে নির্বাচনী আইন এড়িয়ে বিদেশ থেকে দলীয় তহবিলে অনুদান পাঠানোর উপায় নিয়ে আলোচনা করেছিলেন। এই অভিযোগ প্রকাশের পরই রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে আনীত অভিযোগগুলোর বিষয়ে একটি অভ্যন্তরীণ তদন্ত পরিচালনা করা হবে। তবে দলের প্রধান নাইজেল ফারাজ দাবি করেছেন যে দলীয় অনুদানের সমস্ত কার্যক্রম আইনসম্মত এবং নিয়মের মাধ্যমেই পরিচালিত হয়েছে।
অতীতেও দলের আর্থিক স্বচ্ছতা এবং অনুদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা হয়েছে। সাম্প্রতিক এই ঘটনা দলটির জনপ্রিয়তা ও নির্বাচনি প্রস্তুতির ওপর কেমন প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর রাজনৈতিক বিশ্লেষকদের।
