বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

আলজেরিয়ায় স্থানীয় নির্বাচন

স্থানীয় নির্বাচন শুরু: দেড় লক্ষাধিক প্রার্থীর প্রচার চলছে আলজেরিয়ায়

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : নভেম্বর ৫, ২০২৬, ১০:৩০ পিএম

স্থানীয় নির্বাচন শুরু: দেড় লক্ষাধিক প্রার্থীর প্রচার চলছে আলজেরিয়ায়

স্থানীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে আলজেরিয়া। পৌর ও প্রাদেশিক পরিষদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেড় লক্ষাধিক প্রার্থী। দেশটির জাতীয় স্বাধীন নির্বাচন কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছে।

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পৌর পরিষদের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ লক্ষ ৪১ হাজার ৩শ ৮৮ জন প্রার্থী। অন্যদিকে প্রাদেশিক পরিষদের সদস্য হতে লড়ছেন ২১ হাজার ৪শ ৭৬ জন ব্যক্তি।

আলজেরিয়ার নির্বাচনী আইন অনুযায়ী এই সরকারি প্রচার অভিযান চলবে টানা ২০ দিন। এরপর ভোটগ্রহণের আগে তিন দিন নীরবতা পালন করা হবে।

দেশটির ৬৯টি প্রদেশের প্রাদেশিক পরিষদ এবং ১ হাজার ৫শ ৪১টি পৌরসভার প্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন নাগরিকরা।

এবারের নির্বাচনে ভোট দেওয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন মোট ২ কোটি ৪২ লক্ষ ৩৬ হাজার ৯শ ৫৯ জন ভোটার। ২০১৯ সালের পর এটি আলজেরিয়ার দ্বিতীয় স্থানীয় নির্বাচন।

নির্বাচনী প্রচারণায় কঠোর নিয়মকানুন বলবৎ করা হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী প্রচারের কাজে কোনো জাতীয় প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ।

এছাড়াও আঞ্চলিক, ভাষাগত বা জাতিগত বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

প্রার্থীরা তাদের প্রচারণাকালে কোনো বিদেশি ভাষা ব্যবহার করতে পারবেন না। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ, সরকারি প্রতিষ্ঠান, স্কুল, বিশ্ববিদ্যালয় এবং উপাসনালয় নির্বাচনী প্রচারণার কাজে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

প্রচারণার কার্যক্রম কেবল অনুমোদিত জনসভা, প্রাঙ্গণভিত্তিক সভা এবং নির্দিষ্ট স্থানে টাঙানো পোস্টারের মধ্যেই সীমিত রাখা হয়েছে।

নির্বাচনে ব্যবহার করা হচ্ছে উন্মুক্ত তালিকা পদ্ধতি যা প্রথম চালু হয় ২০২১ সালে। এই ব্যবস্থার মাধ্যমে ভোটাররা দলের নির্ধারিত ক্রমের ওপর নির্ভর না করে তালিকা থেকে নিজেদের পছন্দের প্রার্থী বেছে নিতে পারেন।

banner
Link copied!