যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা বৃহস্পতিবার ক্রেমলিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। আবুধাবিতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের দুই দিনের আলোচনার ঠিক পরপরই এই সফর অনুষ্ঠিত হলো।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে এই আলোচনার মধ্যস্থতা করেন স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। গত নয় মাসের মধ্যে মস্কো ও কিয়েভের মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি আলোচনা।
বড় কোনো অগ্রগতি ছাড়াই আলোচনা শেষ হয়েছে, তবে উভয় পক্ষ একটি বড় বন্দী বিনিময়ে সম্মত হয়েছে। তবে কতজন বন্দীকে বিনিময় করা হবে, তার সঠিক সংখ্যা এখনও ঘোষণা করা হয়নি।
আবুধাবির বৈঠক শেষ করে কুশনার ও উইটকফ সরাসরি ক্রেমলিনে যান পুতিনকে বৈঠকের বিষয়বস্তু জানাতে। তাদের পরবর্তী গন্তব্য আয়ারল্যান্ডের ডাবলিন, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলোচনা করার কথা রয়েছে।
কুশনার জানান, পুতিনের সঙ্গে বৈঠকের একটি উদ্দেশ্য ছিল শান্তি প্রক্রিয়ায় ইউরোপীয় প্রতিনিধিদের যুক্ত করার বিষয়ে রুশ নেতার সম্মতি আদায় করা। যুক্তরাষ্ট্র এবং জেলেনস্কি চান ইউরোপ মস্কোর সঙ্গে যোগাযোগের জন্য একজন মাত্র মধ্যস্থতাকারী নিয়োগ করুক।
তবে কিয়েভকে ইউরোপের আর্থিক ও সামরিক সহায়তার কথা উল্লেখ করে সরাসরি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে মস্কো। পুতিন মার্কিন দূতদের আবারও স্পষ্ট করে দিয়েছেন যে রাশিয়া ইউক্রেনে কোনো ইউরোপীয় সৈন্যের উপস্থিতি মেনে নেবে না এবং এ ধরনের বাহিনীকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করবে।
আসন্ন শীতের কথা মাথায় রেখে ১২০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধরেখা বরাবর লড়াই অব্যাহত রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতের মধ্যে ৭১টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে, অন্যদিকে কিয়েভে একটি ড্রোন তৈরির কারখানা ও আরও তিনটি স্থাপনায় হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতের আঁধারে মিসাইল এবং ১২৩টি ড্রোন নিক্ষেপ করেছে এবং ১৭টি স্থানে আঘাত হানার খবর পাওয়া গেছে। জেলেনস্কিও জানিয়েছেন যে ইউক্রেন মার্কিন স্টারশিল্ড স্যাটেলাইট সিস্টেমে আবারও গতি শ্লথতার শিকার হচ্ছে।
জেলেনস্কি উল্লেখ করেন যে সামরিক ইউনিটগুলো বড় ধরনের বিঘ্নতার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ড্রোনের গতি ঘণ্টায় ১৬১ কিলোমিটারে সীমিত করার বিষয়টিও রয়েছে। স্পেসএক্স এর আগে রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক হামলা রোধ করার জন্য এই সেবার গতি কমিয়ে দেওয়ার কথা স্বীকার করেছিল।
বৃহস্পতিবার ভোরে সেন্ট পিটার্সবার্গে একটি গাড়ি বিস্ফোরণে এক রুশ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি বিস্ফোরণের খবরটি নিশ্চিত করলেও নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
