দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার লক্ষ্য নিয়ে ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে স্পেন। সোমবার মাদ্রিদের টেলিফোনিকা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোচ লুইস ডি লা ফুয়েন্তে এই স্কোয়াড প্রকাশ করেন। টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহ আগে ঘোষিত এই দল নিয়ে লা রোজাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।ইনজুরির কারণে শেষ মুহূর্তে দলে এসেছে বড় পরিবর্তন।
স্কোয়াডের মূল কাঠামো অনেকটাই স্থিতিশীল রাখা হয়েছে। তবে গোলরক্ষক ও রক্ষণভাগ নিয়ে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত এরিক গার্সিয়া ও মার্ক পুবিলকে দলে নেওয়া হয়েছে। অপ্রত্যাশিতভাবে ইনজুরিতে পড়া ফেরমিন লোপেজকে বাদ দিয়ে ডাক পেয়েছেন বার্সেলোনার তরুণ প্রতিভা গাভি। যদিও আক্রমণভাগে লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসকে রাখা হয়েছে, তবে চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় টুর্নামেন্টের শুরুর দিকের ম্যাচগুলোতে তাদের খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়।
কোচ লুইস ডি লা ফুয়েন্তের অধীনে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণে গড়া এই দলটি নিজেদের দ্বিতীয় বিশ্বজয়ী হিসেবে দেখার স্বপ্ন বুনছে। গোলরক্ষক হিসেবে উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া থাকছেন মূল দায়িত্বে। পেদ্রি, রদ্রি হার্নান্দেজ ও গাভির মতো মিডফিল্ডারদের ওপর নির্ভর করে স্প্যানিশরা মাঠে তাদের আধিপত্য বিস্তার করতে চাইবে।
