বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

ফিফা প্রধান ইনফান্তিনোকে সমর্থন জানাল সৌদি আরব

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : আগস্ট ২৭, ২০২৬, ০৭:৫০ পিএম

ফিফা প্রধান ইনফান্তিনোকে সমর্থন জানাল সৌদি আরব

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ সৌদি আরব সংকটময় মুহূর্তে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে, রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। ফিফার বিতর্কিত বাণিজ্যিক প্রস্তাব বাতিলের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় যখন অভ্যন্তরীণ অস্বস্তি চলছে, ঠিক তখনই সৌদি আরব ফুটবল ফেডারেশন এই ঘোষণা দিল।

সংস্থার পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় যে, ভুল স্বীকার করে প্রস্তাব প্রত্যাহারের যে সিদ্ধান্ত ফিফা নিয়েছে তা প্রশংসনীয়। একইসঙ্গে বিশ্ব ফুটবলের ঐক্যের স্বার্থে সকল অংশীজনের মধ্যে সরাসরি আলোচনার ওপর জোর দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, গত প্রায় এক দশক ধরে বিশ্বব্যাপী ফুটবল প্রসারে ইনফান্তিনোর অবদান অনস্বীকার্য।

ফিফার বাণিজ্যিক স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাব ঘিরে বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েছেন ইনফান্তিনো। এমনকি আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে তার পুনর্নির্বাচন নিয়েও সংশয় তৈরি হয়েছে, কারণ ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফাসহ বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে তার সমালোচনা করা হয়েছে। এর আগে ইতালি ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলেও, আফ্রিকান ও দক্ষিণ আমেরিকান কনফেডারেশনের পাশাপাশি সৌদি আরবের মতো প্রভাবশালী দেশের সমর্থন তার অবস্থানকে কিছুটা স্বস্তি দিয়েছে।

banner
Link copied!