বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

জার্মান ফুটবলে রূপান্তর

দলে চমক থাকবেই‍‍` — জার্মানির নতুন কোচ ক্লপের ঘোষণা

উম্মাহ কণ্ঠ

প্রকাশিত: : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৪:৫৬ পিএম

দলে চমক থাকবেই‍‍` — জার্মানির নতুন কোচ ক্লপের ঘোষণা

জার্মানি ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গত জুলাইয়ে সাবেক এই লিভারপুল কোচকে বার্ষিক প্রায় ৬০ লাখ পাউন্ডের চুক্তিতে নিয়োগ দেয় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন। শুরুতেই সংবাদমাধ্যমের অহেতুক ব্যক্তিগত আক্রমণ নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। এরপর নিজ দেশে চলমান রাজনৈতিক মেরুকরণের মাঝে ইতিবাচক দেশপ্রেমের ডাক দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। দেশের নানা প্রান্তে ঘুরে খেলোয়াড়দের প্রস্তুতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবার তিনি মাঠের পরীক্ষায় নামছেন।

চারটি আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রায় দুটি পৃথক দল বেছে নিয়েছেন নতুন এই কোচ।

আসন্ন নেশন্স লিগের চারটি ম্যাচের জন্য ক্লপ ৫৭ জনের দীর্ঘ তালিকা থেকে দুটি সম্পূর্ণ আলাদা স্কোয়াড তৈরি করেছেন। আমস্টারডামে নেদারল্যান্ডস এবং ঘরের মাঠে গ্রিসের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে দেখা যাবে জশুয়া কিমিখ, কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালাদের নিয়ে গড়া প্রথম স্কোয়াডকে। অন্যদিকে সার্বিয়া ও পরবর্তী গ্রিস সফরের জন্য রাখা হয়েছে ফ্লোরিয়ান ভির্ৎস ও আলেকসান্দার পাভলোভিচের মতো তরুণ তারকাদের। এই দুটি ভিন্ন স্কোয়াডের মধ্যে একমাত্র অভিন্ন সদস্য হিসেবে রয়েছেন ব্যাকআপ গোলরক্ষক ফিন ডাহমেন।

তারকা খ্যাতির বাইরে গিয়ে পরিশ্রমী ও উপেক্ষিত খেলোয়াড়দের ওপর ভরসা রাখা ক্লপের পুরনো কৌশল। দল ঘোষণার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে এখনই জার্মানির সবচেয়ে অভিজ্ঞ একাদশ মাঠে নামছে না।

তালিকায় সবচেয়ে বড় চমক এসেছে দেশটির সদ্য প্রমোশন পাওয়া দল এসভি এলভার্সবার্গের ২৩ বছর বয়সী খেলোয়াড় ফেলিক্স কাইডেলকে ঘিরে। এছাড়া মিকা বাউর, বাম্বাসে কন্তে, মাক্স রোজেনফেল্ডার, ফিলিপ ট্রয় ও ভিটালি জানেল্টের মতো নামগুলো জাতীয় দলের মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছেন। বরুশিয়া ডর্টমুন্ডে পোলিশ ডিফেন্ডার লুকাস পিসচেক কিংবা লিভারপুলে অ্যান্ডি রবার্টসনকে যেভাবে আন্তর্জাতিক তারকায় পরিণত করেছিলেন, ক্লপ জার্মানি দলের ক্ষেত্রেও সেই একই দর্শন বাস্তবায়ন করতে চাইছেন। তিনি জানিয়েছেন, কে খেলছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো কীভাবে খেলছে। তবে জার্মান লিগের ঐতিহ্যগত ম্যান-মার্কিংয়ের বদলে বলের চারপাশে বাড়তি খেলোয়াড় নিয়ে গিয়ে উচ্চগতির আক্রমণ সাজানোর কৌশলের সাথে নতুনদের দ্রুত মানিয়ে নিতে হবে।

আন্তর্জাতিক অঙ্গন থেকে ম্যানুয়েল নয়্যার, আন্তোনিও রুডিগার ও পাসকাল গ্রসের বিদায়ের পর জার্মান দলের গড় বয়স এখন নেমে এসেছে ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। নতুন প্রজন্মের ওপর আস্থা রেখে অভিজ্ঞ খেলোয়াড়রাও সরে দাঁড়িয়েছেন। মাঠের ফুটবলে সাবেক কোচ ইউলিয়ান নাগেলসম্যানের অতিমাত্রায় জটিল কৌশলগত ছক ভেঙে উইংনির্ভর আক্রমণাত্মক খেলায় জোর দিতে চান ক্লপ। কোলনের তরুণ প্রতিভাবান উইঙ্গার সাইদ এল মালা এবং বায়ার্ন মিউনিখের আঠারো বছর বয়সী লেনার্ট কার্লকে তাই দ্রুত সুযোগ দেওয়া হচ্ছে। সাথে গতিশীল উইঙ্গার হিসেবে রয়েছেন ডেরি শেরহান্ট, বার্সেলোনার করিম আদিমি এবং দলে ফেরা কেভিন শাডে।

মাঠের কৌশল বদলানোর পাশাপাশি পুরো জাতিকে দলের পেছনে একতাবদ্ধ করার স্পষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছেন ক্লপ। সংবাদ সম্মেলনে ‍‍`৮ কোটি ৩০ লাখের একজন‍‍` লেখা টুপি পরে উপস্থিত হয়ে তিনি সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন।

banner
Link copied!